Logo
×

খেলা

বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ নয়, হাইকোর্টের স্পষ্ট বার্তা

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ১৭ মে ২০২৬, ২১:৪৫

বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ নয়, হাইকোর্টের স্পষ্ট বার্তা

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডর নির্বাচনে আপাতত আর কোনো আইনি জটিলতা থাকছে না। নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিসিবির নির্বাচনী প্রক্রিয়ায় তারা কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।


রোববার বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। এর ফলে নির্ধারিত সময়েই বিসিবির নির্বাচন আয়োজনের পথ পুরোপুরি পরিষ্কার হয়ে গেল।


আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন মো. রুহুল কুদ্দুস। আর বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।


শুনানি শেষে মাহিন এম রহমান সাংবাদিকদের জানান, আদালত পরিষ্কারভাবে বলেছেন যে বিসিবি নির্বাচনে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না। এর আগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছিলেন।


অন্যদিকে বিসিবিকে ঘিরে আইনি আলোচনা এখানেই শেষ হচ্ছে না। গত ১৬ মে তামিম ইকবালর নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্যের বর্তমান অ্যাডহক কমিটি বাতিল চেয়ে আরও একটি পৃথক রিট আবেদন করা হয়েছে।


সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ মোট ১২ জন যৌথভাবে এই আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে রয়েছেন দেশের ক্রিকেটাঙ্গনের পরিচিত কয়েকটি নাম—আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এবং খালেদ মাসুদ পাইলট।