Logo
×

খেলা

চেলসির ডাগ আউটে জাবি আলোনসো

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৬:৫৫

চেলসির ডাগ আউটে জাবি আলোনসো

নতুন মৌসুমের আগে বড় পরিবর্তনের পথে হাঁটছে চেলসি। ক্লাবটির পরবর্তী প্রধান কোচ হিসেবে চার বছরের চুক্তিতে নীতিগতভাবে সম্মত হয়েছেন স্প্যানিশ কোচ জাবি আলোনসো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দাবি, আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সম্প্রতি লিয়াম রোসেনিওরকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় চেলসি। এরপর থেকেই নতুন কোচ খুঁজতে শুরু করে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি। সম্ভাব্য কোচের তালিকায় আরও ছিলেন আন্দোনি ইরাওলা, মার্কো সিলভা এবং অলিভার গ্লাজনার। তবে শেষ পর্যন্ত আলোনসোকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছে চেলসি।


জানা গেছে, দুই পক্ষের আলোচনা ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। এমনকি ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপ ফাইনালের আগে বিষয়টি প্রকাশ্যে আনতে চায়নি ক্লাব কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে লিভারপুলর কোচ হওয়ার দৌড়েও আলোনসোর নাম জোরেশোরে শোনা যাচ্ছিল। খেলোয়াড়ি জীবনে পাঁচ মৌসুম অ্যানফিল্ডে কাটিয়েছিলেন তিনি। তবে ধারণা করা হচ্ছে, বর্তমান কোচ আর্নে স্লটকেই আরও একটি মৌসুম সময় দিতে চায় অল রেডসরা।


গত জানুয়ারিতে রিয়াল মাদ্রিদর দায়িত্ব ছাড়ার পর থেকেই কোনো ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন না আলোনসো। এর আগে বায়ার লেভারকুসেনকে ইতিহাসের প্রথম বুন্দেসলিগা শিরোপা জেতান তিনি। ২০২৩-২৪ মৌসুমে পুরো লিগে অপরাজিত থেকে জার্মান কাপও জিতেছিল তাঁর দল। সেই অসাধারণ সাফল্যের পরই রিয়াল মাদ্রিদে যোগ দেন আলোনসো। তবে স্পেনে প্রত্যাশা পূরণ করতে না পারায় অল্প সময়ের মধ্যেই দায়িত্ব ছাড়তে হয় তাঁকে।


অন্যদিকে চেলসির সাম্প্রতিক সময়টাও খুব একটা সুখকর নয়। কয়েক মৌসুম ধরেই ধারাবাহিকতা হারিয়েছে পশ্চিম লন্ডনের ক্লাবটি। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমে শিরোপার লড়াইয়ে কখনোই ছিল না তারা। ৩৬ ম্যাচে মাত্র ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে রয়েছে ব্লুজরা। আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায়ও জায়গা নিশ্চিত করতে পারেনি দলটি।