Logo
×

খেলা

মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন রবার্ট লেভানডফস্কি

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ১৬ মে ২০২৬, ২১:২০

মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন রবার্ট লেভানডফস্কি

চার বছরের সফল অধ্যায়ের ইতি টানলেন রবার্ট লেভানডফস্কি। মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন এই পোলিশ স্ট্রাইকার। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কাতালান ক্লাবটির সঙ্গে তাঁর পথচলাও শেষ হচ্ছে, তবে রেখে যাচ্ছেন অসাধারণ সব স্মৃতি আর এক কিংবদন্তির ছাপ।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিদায়ী বার্তায় লেভানডফস্কি জানান, চার বছর ধরে কঠোর পরিশ্রম আর চ্যালেঞ্জের মধ্য দিয়ে বার্সেলোনার হয়ে তাঁর যাত্রা ছিল দারুণ এক অভিজ্ঞতা। তাঁর বিশ্বাস, ন্যু ক্যাম্পে নিজের দায়িত্ব তিনি সফলভাবেই পালন করেছেন। এই সময়ে দলকে তিনটি লা লিগা শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন তিনি।


২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যোগ দেন লেভানডফস্কি। তখন আর্থিক সংকট ও বাজে পারফরম্যান্সের কারণে কঠিন সময় পার করছিল স্প্যানিশ জায়ান্টরা। সেই পরিস্থিতিতে এসে আক্রমণভাগের দায়িত্ব কাঁধে তুলে নেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। বার্সার জার্সিতে ১৯১ ম্যাচে করেছেন ১১৯ গোল। পাশাপাশি ২০২৫ সালের কোপা দেল রে জয়ের পথেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।


তবে শেষ মৌসুমটা খুব একটা সহজ ছিল না তাঁর জন্য। চোটের কারণে নিয়মিত মাঠে নামতে পারেননি। চলতি লা লিগায় মাত্র ১৫ ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়েছেন তিনি। তবুও গুরুত্বপূর্ণ সময়ে দলের পাশে থেকেছেন। বিশেষ করে ওসাসুনার বিপক্ষে করা গুরুত্বপূর্ণ গোলটি বার্সেলোনাকে শিরোপার খুব কাছে নিয়ে যায়। আর গত সপ্তাহে রিয়াল মাদ্রিদর বিপক্ষে জয়ের ম্যাচে বদলি হিসেবে নেমে ছিলেন আরেকটি স্মরণীয় মুহূর্তের অংশ।


বিদায়ী বার্তায় সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন লেভানডফস্কি। তিনি বলেন, প্রথম দিন থেকেই সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, তা কখনো ভুলবেন না। তাঁর ভাষায়, কাতালুনিয়া সবসময় হৃদয়ের বিশেষ জায়গা হয়ে থাকবে। লেভানডফস্কির বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছে বার্সেলোনাও। ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, তিনি বার্সায় এসেছিলেন একজন বিশ্বতারকা হিসেবে, কিন্তু বিদায় নিচ্ছেন জীবন্ত কিংবদন্তি হয়ে।


আগামী রবিবার রিয়াল বেতিসর বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে ন্যু ক্যাম্পে লেভানডফস্কির শেষ উপস্থিতি। এরপর ভ্যালেন্সিয়ার বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলেই শেষ হবে তাঁর বার্সা অধ্যায়।


এখন সবচেয়ে বড় প্রশ্ন, এরপর কোথায় যাচ্ছেন এই গোলমেশিন? গুঞ্জন বলছে, তাঁর পরবর্তী গন্তব্য হতে পারে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার। এরই মধ্যে শিকাগো ফায়ার তাঁর সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানা গেছে।