Logo
×

খেলা

ভিএআরের নাটকে ওয়েস্ট হ্যামকে হারিয়ে শিরোপার আরও কাছে আর্সেনাল

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ১১ মে ২০২৬, ০০:২৮

ভিএআরের নাটকে ওয়েস্ট হ্যামকে হারিয়ে শিরোপার আরও কাছে আর্সেনাল

ভিএআরের নাটকে বাঁচল আর্সেনাল, শিরোপা থেকে আর দুই জয় দূরে গানাররা। দাভিদ রায়ার দুর্দান্ত তিনটি সেভে ম্যাচজুড়ে টিকে ছিল আর্সেনাল। এরপর ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে লিয়ান্দ্রো ট্রসার্ডের গোলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে মিকেল আর্তেতার দল। তবে নাটক তখনও বাকি ছিল।


ছয় মিনিটের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কর্নার থেকে বল জালে পাঠিয়ে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে লন্ডন স্টেডিয়াম, আর দূরে বসে নিশ্চয়ই আনন্দে মেতেছিল ম্যানচেস্টার সিটিও। কিন্তু গোলের সময় ফাউলের অভিযোগ তোলে আর্সেনাল।


এরপর শুরু হয় দীর্ঘ ভিএআর পরীক্ষা। প্রায় তিন-চার মিনিট পর রেফারি গোল বাতিলের সিদ্ধান্ত দিলে স্বস্তির নিঃশ্বাস ফেলে গানাররা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।


এই জয়ে দুই ম্যাচ হাতে রেখে শীর্ষে থাকা আর্সেনাল দ্বিতীয় স্থানের দলের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল। ২০০৪ সালের পর প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জিততে এখন আর মাত্র দুটি জয় দরকার তাদের।

শনিবার পেপ গার্দিওলার বিখ্যাত “কাম অন ইউ আয়রনস” স্লোগান যেন প্রায় সত্যি হতে বসেছিল। ইনজুরি টাইমে ক্যালাম উইলসনের গোল ম্যানসিটির জন্য বড় উপহার হিসেবেই দেখা দিচ্ছিল। কিন্তু ভিএআরে দেখা যায়, গোলের আগে পাবলো রায়াকে ফাউল করেছিলেন। সেই কারণেই বাতিল করা হয় গোলটি।


ম্যাচের ৮২তম মিনিটে ট্রসার্ডের করা গোলটিই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন শিরোপার আরও কাছাকাছি পৌঁছে গেছে আর্সেনাল। লন্ডন স্টেডিয়ামে আগের দুই সফরে সম্মিলিতভাবে ১১ গোল করেছিল গানাররা। তবে এবার ওয়েস্ট হ্যাম কঠিন লড়াই উপহার দেয়। এরপর আর্সেনালের সামনে রয়েছে বার্নলি ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ। এই দুই ম্যাচ জিতলেই দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান হবে।


অন্যদিকে ওয়েস্ট হ্যামের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। অবনমন এড়াতে পয়েন্টের খুব প্রয়োজন ছিল তাদের। কিন্তু হারায় টটেনহ্যামের চেয়ে আরও পিছিয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। সোমবার টটেনহ্যাম জিতলে ব্যবধান দাঁড়াবে ৪ পয়েন্টে।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্সেনালের এই জয়ে হয়তো টটেনহ্যাম সমর্থকদের একাংশও একটু ভিন্ন ধরনের আনন্দ পেয়েছে। তবে সবচেয়ে বড় হতাশাটা হয়তো এখন ম্যানচেস্টার সিটির শিবিরেই।