Logo
×

খেলা

এল ক্ল্যাসিকোয় উৎসবের অপেক্ষায় বার্সা, সংকটে জর্জরিত মাদ্রিদ

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ১০ মে ২০২৬, ২১:৪৮

এল ক্ল্যাসিকোয় উৎসবের অপেক্ষায় বার্সা, সংকটে জর্জরিত মাদ্রিদ

এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদ শিবিরে এর আগে এমন উত্তেজনাহীন ও ম্যাড়মেড়ে আবহ শেষ কবে দেখা গেছে, সেটি যেন এক গবেষণার বিষয়। এদিকে, ইতিহাস গড়ার হাতছানিতে এখন উৎসবের আমেজে ভাসছে বার্সেলোনা। আজ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে ঘরের মাঠ ন্যু ক্যাম্পেই শিরোপা উৎসবে মেতে ওঠার অপেক্ষায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।


অন্যদিকে ঠিক বিপরীত চিত্র রিয়াল শিবিরে। শিরোপা দৌড় থেকে প্রায় ছিটকে পড়া দলটি এখন ভুগছে অভ্যন্তরীণ অস্থিরতায়। খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব, হাতাহাতি আর চাপা উত্তেজনায় জেরবার অবস্থা মাদ্রিদ শিবিরের। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এল ক্ল্যাসিকোতে মনোযোগ দেওয়ার মতো মানসিক অবস্থাতেও নেই তারা। কোনোভাবে মৌসুম শেষ করতে পারলেই যেন বাঁচে রিয়াল।


বর্তমানে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল। আজ ড্র করলেই তিন ম্যাচ হাতে রেখে লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে যাবে কাতালানদের। তবে জয় পেলে শুধু টানা দ্বিতীয় শিরোপাই নয়, বিরল এক ইতিহাসের দিকেও এগিয়ে যাবে তারা।


আজ জিতলে ৩৫ ম্যাচে বার্সার পয়েন্ট হবে ৯১। এরপর বাকি তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট পেলে তারা স্পর্শ করবে ১০০ পয়েন্টের ঐতিহাসিক মাইলফলক। লা লিগার ইতিহাসে প্রথম ১০০ পয়েন্ট তুলেছিল হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ, ২০১১-১২ মৌসুমে। পরের মৌসুমেই টিটো ভিলানোভার বার্সেলোনা সেই রেকর্ড ছুঁয়েছিল।


শুধু তাই নয়, এক মৌসুমে সবচেয়ে বেশি ৩২ জয়ের রেকর্ডও এখন ভাগাভাগি করে আছে মরিনহোর রিয়াল ও ভিলানোভার বার্সা। চলতি মৌসুমে ইতোমধ্যে ২৯ ম্যাচ জিতেছে ফ্লিকের দল। আজসহ বাকি চার ম্যাচ জিততে পারলে এককভাবে নতুন রেকর্ড গড়বে বার্সা।


তবে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে দুশ্চিন্তাও আছে বার্সার। দলের তরুণ তারকা লামিনে ইয়ামালকে পাওয়া যাচ্ছে না। যদিও রাফিনহা চোট কাটিয়ে ফিরেছেন। গত ম্যাচে বেঞ্চে থাকলেও মাঠে নামেননি ব্রাজিলিয়ান উইঙ্গার। তাকে নিয়ে আশাবাদী ডিফেন্ডার জুলেস কুন্ডে।


তিনি বলেন, “রাফিনহা এখন ভালো অবস্থায় আছে। ক্ল্যাসিকোতে তাকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে, তবে জিততে পারলে অনুভূতিটা অবশ্যই আরও বিশেষ হবে।” অন্যদিকে চোটে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ। রদ্রিগো, গুলের, মিলিতাও ও কোর্তোয়াসহ সাতজন খেলোয়াড় মাঠের বাইরে। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে কিলিয়ান এমবাপ্পে অনুশীলনে ফিরেছেন ঠিকই, তবে তাকে বদলি হিসেবেই দেখা যেতে পারে।


এর মধ্যে গত বৃহস্পতিবার অনুশীলনে অরেলিয়েন চুয়ামেনির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে হাসপাতালে যেতে হয়েছিল ফেদেরিকো ভালভার্দেকে। কপালে সেলাই পড়ায় অন্তত ১০ থেকে ১৪ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে উরুগুইয়ান মিডফিল্ডারকে। ফলে এল ক্ল্যাসিকোতেও তাকে পাওয়া যাচ্ছে না।


ঘটনার জেরে দুই খেলোয়াড়কে ৫০ হাজার ইউরো করে জরিমানা করেছে ক্লাব কর্তৃপক্ষ। তবে কোচ আলভারো আরবেলোয়া জানিয়েছেন, চুয়ামেনিকে স্কোয়াডে রাখা হয়েছে। তিনি বলেন, “ক্লাব খুব দ্রুত ও স্বচ্ছভাবে পরিস্থিতি সামাল দিয়েছে। দুই খেলোয়াড়ই অনুতপ্ত এবং ক্ষমা চেয়েছে। এজন্য তাদের জনসম্মুখে অপমান করার প্রয়োজন দেখি না।” তবে মাঠের বাইরের এই অস্থিরতা কাটিয়ে রিয়ালের পক্ষে পুরোপুরি খেলায় মনোযোগ দেওয়া কতটা সম্ভব হবে, সেটাই এখন বড় প্রশ্ন।