Logo
×

খেলা

মেসির এক গোল ও দুই অ্যাসিস্টে ইন্টার মায়ামির জয়

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ১০ মে ২০২৬, ২১:৪৬

মেসির এক গোল ও দুই অ্যাসিস্টে ইন্টার মায়ামির জয়

আগের ম্যাচের দুঃস্বপ্ন ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়াল ইন্টার মায়ামি। আবারও দলের ত্রাণকর্তা হয়ে উঠলেন লিওনেল মেসি। গোল করার পাশাপাশি করিয়েও মায়ামিকে এনে দিলেন গুরুত্বপূর্ণ জয়।


শনিবার মেজর লিগ সকারের ম্যাচে টরন্টো এফসিকে ৪-২ গোলে হারিয়েছে মায়ামি। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।


আগের রাউন্ডে অরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থেকেও ৪-৩ ব্যবধানে হেরে বড় ধাক্কা খেয়েছিল মায়ামি। তবে এবার সেই ভুল আর করেনি তারা। টরন্টোর মাঠে ম্যাচের ৪৪তম মিনিটে এগিয়ে যায় মায়ামি। ফ্রি-কিক থেকে ফিরতি বলে দুর্দান্ত ভলিতে গোল করেন রদ্রিগো দে পল। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেস। ৫৬তম মিনিটে মেসির পাস ধরে গোল করেন এই উরুগুইয়ান তারকা।


৬৮তম মিনিটে বদলি হিসেবে নেমে গোলের দেখা পান সের্হিও রেগিলন। মেসির সঙ্গে দারুণ বোঝাপড়ায় বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে পাঠান এই স্প্যানিশ লেফট-ব্যাক।


এরপর ম্যাচের সেরা মুহূর্তটি আসে ৭৫তম মিনিটে। মাঝমাঠ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় এগিয়ে যান মেসি। পরে দে পলের সঙ্গে ওয়ান-টু পাস খেলে বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন আটবারের

ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা। ৮০তম মিনিটে আরও একটি গোলের সুযোগ পেয়েছিলেন মেসি, তবে এবার তার শট ঠেকিয়ে দেন টরন্টোর গোলরক্ষক।


শেষ দিকে ম্যাচে কিছুটা নাটকীয়তা ফেরায় স্বাগতিকরা। ৮২ ও ৯০তম মিনিটে দুই গোল শোধ করে ব্যবধান কমায় টরন্টো। যোগ করা সময়ের শুরুতে পেনাল্টির দাবিও তোলে তারা, তবে রেফারি সাড়া দেননি। ধারাভাষ্যকাররা সিদ্ধান্তটিকে ‘খুব বাজে’ বলেও মন্তব্য করেন।


শেষ পর্যন্ত আর কোনো অঘটন না ঘটায় ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। ১২ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে আছে মায়ামি। এক ম্যাচ কম খেলে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল।