মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানকে ঘিরে ২০২৬ বিশ্বকাপে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সব শঙ্কার মধ্যেও বিশ্বকাপে খেলার ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। যদিও অংশগ্রহণের আগে আয়োজক তিন দেশ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার কাছে বেশ কিছু শর্ত দিয়েছে তারা।
শনিবার নিজেদের আনুষ্ঠানিক বিবৃতিতে ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, “আমরা অবশ্যই ২০২৬ বিশ্বকাপে অংশ নেব। তবে আমাদের সংস্কৃতি, বিশ্বাস ও আদর্শের প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করতে হবে।”
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিন দেশ যৌথভাবে আয়োজন করবে ২৩তম ফিফা বিশ্বকাপ ২০২৬। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই দেশটির অংশগ্রহণ নিয়ে নানা আলোচনা শুরু হয়।
এরই মধ্যে গত মাসে কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসেও দেখা দেয় নতুন বিতর্ক। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজকে কানাডায় প্রবেশের অনুমতি দেয়নি দেশটির সরকার। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তার ভিসা বাতিল করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালে আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে কানাডা।
এরপর রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে মেহেদি তাজ জানান, বিশ্বকাপে অংশ নেওয়ার আগে আয়োজক দেশগুলোর কাছে ১০ দফা শর্ত দিয়েছে তেহরান।
ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের নির্বিঘ্নে ভিসা প্রদান, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি পূর্ণ সম্মান এবং পুরো সফরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। বিমানবন্দর, হোটেল ও যাতায়াতের প্রতিটি ধাপে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও চেয়েছে তারা।
দুই সপ্তাহ আগে মার্কো রুবিও জানান, ইরানের ফুটবলারদের বিশ্বকাপে অংশ নিতে স্বাগত জানানো হবে। তবে আইআরজিসি-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা নিয়ে জটিলতা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। যুক্তরাষ্ট্রও আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
মেহেদি তাজ বিশেষভাবে উল্লেখ করেছেন, অতীতে সামরিক দায়িত্ব পালন করা ফুটবলারদের ক্ষেত্রেও যেন কোনো বাধা তৈরি না হয়। এর মধ্যে আছেন মেহেদি তারেমি ও এহসান হাজসাফি।
অন্যদিকে জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন, নির্ধারিত সূচি অনুযায়ীই যুক্তরাষ্ট্রে নিজেদের ম্যাচ খেলবে ইরান। দলটির বেসক্যাম্প হওয়ার কথা টাকসন শহরে।
গ্রুপ ‘জি’তে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। পরে বাকি ম্যাচগুলো হবে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে।

logo-2-1757314069.png)
