Logo
×

খেলা

অনিশ্চয়তায় সাফ চ্যাম্পিয়নশীপ ২০২৬, কারণ জানালেন সাফ সভাপতি

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ১০ মে ২০২৬, ০০:১৯

অনিশ্চয়তায় সাফ চ্যাম্পিয়নশীপ ২০২৬, কারণ জানালেন সাফ সভাপতি

ভারতের ব্যস্ত সূচির কারণে আবারও অনিশ্চয়তায় পড়েছে সাফ চ্যাম্পিয়নশিপ। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা থাকলেও একই সময়ে ভারত ফিফা আসিয়ান কাপে খেলবে। ফলে সাফ আয়োজন নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।


সাফ সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, ভারতের অংশগ্রহণ ছাড়া টুর্নামেন্ট আয়োজন করা কঠিন। তার মতে, ভারত না থাকলে প্রতিযোগিতার মান ও দর্শক আকর্ষণ দুটোই কমে যাবে, পাশাপাশি স্পন্সররাও আগ্রহ হারাতে পারে। সালাউদ্দিন বলেন, “সাফের অন্যতম গুরুত্বপূর্ণ দল ভারত। তারা সেপ্টেম্বরে আসিয়ান টুর্নামেন্ট খেলবে। তাদের ছাড়া সাফ আয়োজন কঠিন। তাই সেপ্টেম্বরের পরিবর্তে নভেম্বরে টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা চলছে।”


আগের সূচি অনুযায়ী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রায় দুই সপ্তাহের উইন্ডো ছিল, যা একটি পূর্ণাঙ্গ টুর্নামেন্ট আয়োজনের জন্য আদর্শ ধরা হচ্ছিল। তবে নভেম্বরে ফিফা উইন্ডো মাত্র আট দিনের, ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত। এত অল্প সময়ে পুরো টুর্নামেন্ট আয়োজন করা বড় চ্যালেঞ্জ বলেও স্বীকার করেছেন সাফ সভাপতি।


তিনি জানান, দুটি ভেন্যু ব্যবহার করে এবং উইন্ডোর আগে-পরে অতিরিক্ত এক-দুই দিন যোগ করে সূচি সামাল দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এদিকে এবারের সাফ আয়োজনের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও আয়োজক হিসেবে বাংলাদেশের সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন সালাউদ্দিন।


ভারত বর্তমানে সাফের সদস্য হলেও তারা ফিফা অনুমোদিত আসিয়ান কাপে আমন্ত্রিত দল হিসেবে খেলছে। একই সময়ে জাপানে এশিয়ান গেমসও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে ভারত মূল জাতীয় দল নাকি বয়সভিত্তিক দল পাঠাবে, সেটিও এখনো নিশ্চিত নয়।


দুই বছর পর পর হওয়ার কথা থাকলেও সাফ চ্যাম্পিয়নশিপের সূচি কয়েক বছর ধরেই অনিয়মিত হয়ে পড়েছে। সর্বশেষ ২০২৩ সালে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টটি। গত বছর আয়োজনের কথা থাকলেও তা পিছিয়ে এ বছরে আনার সিদ্ধান্ত নেয় সাফ। তবে নতুন করে ভারতের সূচি জটিলতায় আবারও অনিশ্চয়তার মুখে পড়ল দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা।