বার্সেলোনা-র সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর খুব কাছাকাছি পৌঁছে গেছেন হ্যান্সি ফ্লিক। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, তার এজেন্ট পিনি জাহাভি গতকাল ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা-র সঙ্গে বৈঠক করেছেন। সেখানে নতুন চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বার্সেলোনার একটি হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকে ফ্লিকের পাশাপাশি রবার্ট লেভান্ডভস্কি-র ভবিষ্যৎ নিয়েও কথা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে ফ্লিকের। তবে নতুন করে আরও এক বছরের চুক্তি বাড়ানোর পরিকল্পনা করছে কাতালান ক্লাবটি। পাশাপাশি ভবিষ্যতে আরও এক মৌসুম চুক্তি নবায়নের সুযোগও রাখা হবে।
আগামী কয়েক দিনের মধ্যেই নতুন চুক্তিতে সই করতে পারেন ফ্লিক। এরপর আনুষ্ঠানিক ঘোষণাও দেবে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে এখন নিজের দ্বিতীয় মৌসুম পার করছেন এই জার্মান কোচ। ইতোমধ্যে ক্লাবে দীর্ঘ সময় থাকার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।
গত মাসে এক সংবাদ সম্মেলনে ফ্লিক বলেছিলেন, “আমার চুক্তি নবায়নের ইচ্ছা আছে। সম্ভবত এটিই হবে আমার কোচিং ক্যারিয়ারের শেষ অধ্যায়। এখানে আমি খুব ভালো অনুভব করছি।”
ফ্লিকের অধীনে ইতোমধ্যে ঘরোয়া ফুটবলে তিনটি শিরোপা জিতেছে বার্সেলোনা - লা লিগা, স্প্যানিশ কাপ ও স্প্যানিশ সুপার কাপ। এবারও লা লিগার শিরোপা ধরে রাখার খুব কাছাকাছি রয়েছে তারা। ঘরের মাঠ ক্যাম্প ন্যু তে রিয়াল মাদ্রিদ কে ড্র বা হারাতে পারলেই ২৯ তম লা লিগা শিরোপা জিতবে বার্সেলোনা।

logo-2-1757314069.png)
