এমবাপ্পে কে রিয়াল মাদ্রিদে দেখতে চায় না চার কোটি মাদ্রিদিস্তা
মেহেদী হাসান
প্রকাশ: ০৮ মে ২০২৬, ২১:২৮
টানা দ্বিতীয় মৌসুম ট্রফিশূন্য থাকার শঙ্কায় রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে দলের হতাশাজনক মৌসুমের মাঝেও দুর্দান্ত ছন্দে আছেন কিলিয়ান এমবাপে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে ৪১ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন ফরাসি এই ফরোয়ার্ড।
তবুও অবাক করা এক পরিস্থিতির মুখে পড়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এমবাপে আউট’ স্লোগানে করা একটি পিটিশনে প্রায় চার কোটি স্বাক্ষর পড়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও এই সংখ্যা নিয়ে রয়েছে ধোঁয়াশা। সব স্বাক্ষর আদৌ রিয়াল মাদ্রিদ সমর্থকদের কিনা, কিংবা একই ব্যক্তি একাধিকবার স্বাক্ষর করেছেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
তবে এটুকু স্পষ্ট, ক্লাবের একটি বড় অংশের সমর্থক এমবাপেকে নিয়ে সন্তুষ্ট নন। এই অসন্তোষের সুনির্দিষ্ট কারণ সামনে না এলেও ধারণা করা হচ্ছে, স্প্যানিশ অভিনেত্রী এস্তার এক্সপোসিতো-র সঙ্গে এমবাপের একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্ক বাড়তে থাকে।
গত মাসে ঊরুর চোটে পড়েন এমবাপে। চিকিৎসকদের পক্ষ থেকে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হলেও, সেই সময় ইতালিতে ব্যক্তিগত সফরে দেখা যায় তাকে। এরপর থেকেই ক্লাবের প্রতি তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেক সমর্থক।
এই চোটের কারণে আগামী রোববার বার্সেলোনা-র বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোতেও তার খেলা অনিশ্চিত। যে ম্যাচে হার বা ড্র করলে লা লিগার শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। তবে এত সমালোচনা ও পিটিশনের পরও এমবাপেকে ছাড়ার সম্ভাবনা খুব কম বলেই মনে করা হচ্ছে।

logo-2-1757314069.png)
