নতুন কুঁড়ি স্পোর্টসে হামজা চৌধুরী, তরুণদের দেখালেন স্বপ্ন
মেহেদী হাসান
প্রকাশ: ০৮ মে ২০২৬, ২০:৪৮
সারা দেশব্যাপী শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজন এবার পেল বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর উপস্থিতি। তরুণ-তরুণীদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং ভবিষ্যৎ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকারের এই উদ্যোগে অংশ নিতে আজ মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে যান বাংলাদেশের তারকা মিডফিল্ডার।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের আমন্ত্রণে আয়োজনে যোগ দেন হামজা। ব্যক্তিগত সফরে চার দিনের জন্য ঢাকায় আসা এই ফুটবলার ব্যস্ত সূচির মাঝেও সময় বের করে নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে উপস্থিত হন। তাকে একনজর দেখতে দুপুরের পর থেকেই মাঠে ভিড় জমাতে থাকেন অসংখ্য ভক্ত।
হামজাকে ঘিরে মাঠজুড়ে ছিল বাড়তি উন্মাদনা। শুধু দর্শকরাই নয়, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদেরও ব্যাপক উপস্থিতি দেখা যায়। ভিড় সামলাতে আয়োজকদের বেশ বেগ পেতে হয়। একপর্যায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসতে দেখা যায়।
মঞ্চেও ছিল উপচে পড়া ভিড়। আয়োজকরা মাইকে বারবার অনুরোধ করলেও উৎসাহী সমর্থকদের সরানো কঠিন হয়ে পড়ে। এর মধ্যেই সংক্ষিপ্ত বক্তব্যে হামজা বলেন, “সবাইকে সালাম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই সুন্দর আয়োজনের অংশ করার জন্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি সত্যিই দারুণ কাজ শুরু করেছেন, যা আমাদের আগামী প্রজন্মের তারকাদের অনুপ্রাণিত করবে।”
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও হামজার উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, “ব্যস্ত সূচির মধ্যেও হামজা তরুণদের উদ্বুদ্ধ করতে এখানে এসেছেন। আমরা চাই বাংলাদেশে ফুটবল, ক্রিকেট, দাবাসহ আরও বিভিন্ন ডিসিপ্লিনে বিশ্বমানের ক্রীড়াবিদ উঠে আসুক। সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।”
বক্তব্য শেষে হামজা ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাঠে নেমে অংশগ্রহণকারী ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন। কয়েক মিনিট খেলা উপভোগও করেন বাংলাদেশের এই তারকা ফুটবলার। পুরো আয়োজনজুড়ে ভক্তদের আগ্রহ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
আগামীকাল সকালে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে হামজা চৌধুরীর। তবে অল্প সময়ের এই সফরেও দেশের তরুণ ক্রীড়াবিদদের মাঝে নতুন অনুপ্রেরণা ছড়িয়ে গেলেন তিনি।

logo-2-1757314069.png)
