Logo
×

খেলা

মাদ্রিদ শিবিরে বিশৃঙ্খলা, হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভালভার্দেকে

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ০৭ মে ২০২৬, ২৩:৩২

মাদ্রিদ শিবিরে বিশৃঙ্খলা, হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভালভার্দেকে

রিয়াল মাদ্রিদ–এর ড্রেসিংরুমে বড় ধরনের অস্থিরতার খবর প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম। দলটির দুই মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়েন শুয়োমেনি–র মধ্যে সংঘর্ষের জেরে পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত হয়ে উঠেছে বলে জানিয়েছে দৈনিক মার্কা।


প্রতিবেদন অনুযায়ী, গতকাল দুজনের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সতীর্থদের হস্তক্ষেপ করতে হয়। ড্রেসিংরুম সংশ্লিষ্ট সূত্রগুলো এই ঘটনাকে ‘খুবই গুরুতর’ হিসেবে উল্লেখ করেছে।


সংবাদমাধ্যমটির দাবি, সকালে অনুশীলনে শুয়োমেনির সঙ্গে হাত মেলাতেও অস্বীকৃতি জানান ভালভার্দে। পুরো অনুশীলনজুড়ে দুইজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে ট্রেনিং শেষে ড্রেসিংরুমে আবারও সংঘর্ষ বাধে। এ সময় ভালভার্দে আঘাত পান এবং চিকিৎসার জন্য তাকে হাসপাতালে যেতে হয়। যদিও প্রতিবেদনে বলা হয়েছে, শুয়োমেনির আঘাতটি ইচ্ছাকৃত ছিল না।


ঘটনার পরপরই ক্লাবের প্রধান নির্বাহী হোসে অ্যাঞ্জেল সানচেজ–এর উপস্থিতিতে জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে কোনো খেলোয়াড়কে ট্রেনিং কমপ্লেক্স ছাড়তে দেওয়া হয়নি।


রিয়ালের অভ্যন্তরীণ পরিস্থিতিকে বর্তমানে অত্যন্ত চাপপূর্ণ বলে বর্ণনা করা হচ্ছে। ড্রেসিংরুমে বিভাজন ও টানাপোড়েনের বিষয়টিও সামনে এসেছে। এমন অবস্থায় আসন্ন এল ক্লাসিকোর আগে এই অস্থিরতা দলটির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।