বৃষ্টিভেজা রাতে ইতিহাস লিখল আর্সেনাল। উয়েফা চ্যাম্পিয়নস লিগ-এর সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ-কে হারিয়ে ২০ বছর পর আবার ফাইনালে উঠেছে উত্তর লন্ডনের ক্লাবটি।
মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়াম-এ দ্বিতীয় লেগে ১-০ গোলের জয় পায় আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে নিশ্চিত করে ফাইনালের টিকিট। ২০০৫-০৬ মৌসুমের পর এই প্রথম শিরোপার লড়াইয়ে ফিরছে তারা।
ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের শেষ দিকে। ৪৩তম মিনিটে বুকায়ো সাকা সহজ টোকায় বল জালে জড়ান, যা শেষ পর্যন্ত জয়সূচক হয়ে থাকে। এর আগে লেয়ান্দ্রো ট্রসার্ড-এর শট ফিরিয়ে দিয়েছিলেন ইয়ান অবলাক, কিন্তু ফিরতি বলে সুযোগ নষ্ট করেননি সাকা।
বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও আর্সেনাল শুরুতে ছন্দ খুঁজে পেতে কিছুটা সময় নেয়। অন্যদিকে আন্তোনিও গ্রিজম্যান ও হুলিয়ান আলভারেজ-দের নিয়ে গড়া আতলেতিকোও প্রথমার্ধে তেমন কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আতলেতিকো। ডেভিড রায়া-র দৃঢ়তায় বেশ কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দেয় আর্সেনাল। শেষ দিকে মার্কোস লরেন্তে ও অ্যালেক্স বায়েনা সুযোগ পেলেও গোলের দেখা পায়নি সফরকারীরা।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বৃষ্টিভেজা এমিরেটসে আনন্দে ফেটে পড়ে সমর্থকেরা—দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আবার ইউরোপ সেরার মঞ্চে ফিরল আর্সেনাল।
এখন ফাইনালে তাদের প্রতিপক্ষ নির্ধারণ হবে পিএসজি ও বায়ার্ন মিউনিখ-এর লড়াই থেকে। আগামী ৩০ মে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

logo-2-1757314069.png)
