Logo
×

খেলা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের উদ্দেশ্যে হ্যাভিয়ের ক্যাবরেরার বিদায়ী বার্তা

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৭:২৯

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের উদ্দেশ্যে হ্যাভিয়ের ক্যাবরেরার বিদায়ী বার্তা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা-র সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে আগেই। ৩০ এপ্রিল তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সঙ্গে তার পথচলার ইতি ঘটে।


২০২২ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়া ক্যাবরেরার অধীনে বাংলাদেশ মোট ৩৯টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় ও ড্র সমান ১০টি করে, আর হার ১৯টি। চার বছরের বেশি সময় দায়িত্ব পালন করে তিনি বাংলাদেশের ফুটবল ইতিহাসে দীর্ঘতম সময় দায়িত্বে থাকা প্রধান কোচ হিসেবে জায়গা করে নেন।


দায়িত্ব ছাড়ার পর এক আবেগঘন বার্তায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ক্যাবরেরা। তিনি জানান, চার বছর চার মাসের এই যাত্রা তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। মাঠে এবং মাঠের বাইরে অসংখ্য মুহূর্ত, ভরা স্টেডিয়ামে খেলা, সবকিছুই তার কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে।


তার অধীনে উল্লেখযোগ্য কিছু সাফল্যও পেয়েছে বাংলাদেশ। প্রায় ১৪ বছর পর দলকে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে তুলেছিলেন তিনি। পাশাপাশি দুই দশকের বেশি সময় পর ভারত জাতীয় ফুটবল দল-কে হারানোর কৃতিত্বও আসে তার সময়েই। এছাড়া ফিফা র‍্যাংকিংয়েও উন্নতির ছাপ দেখা গেছে।


ক্যাবরেরা মনে করেন, তার সময়েই বাংলাদেশের ফুটবলে একটি শক্ত ভিত তৈরি হয়েছে। বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ তৈরি করতে পেরে তিনি গর্বিত। তার অধীনে ২১ জন অনূর্ধ্ব-২৩ ফুটবলারের অভিষেক হয়েছে, যা জাতীয় দলকে আরও তরুণ ও সম্ভাবনাময় করে তুলেছে।


বাংলাদেশ অধ্যায়ের ইতি টানলেও এই সময়টাকে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণ করবেন বলে জানিয়েছেন এই স্প্যানিশ কোচ।