Logo
×

খেলা

চ্যাম্পিয়নস লিগ জিততে চান গ্রিজম্যান

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৬:৩৩

চ্যাম্পিয়নস লিগ জিততে চান গ্রিজম্যান

অ্যাটলেটিকো মাদ্রিদ আবারও স্বপ্ন দেখছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের। ২০১৬-১৭ মৌসুমের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠার হাতছানি তাদের সামনে, যদিও এক দশক আগের রিয়াল মাদ্রিদ-এর বিপক্ষে টাইব্রেকারে হারের তিক্ত স্মৃতি এখনো তাড়া করে ফেরে দলটিকে।


সেই দুঃস্বপ্ন পেছনে ফেলে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে মাদ্রিদের এই ক্লাব। তবে তার আগে পাড়ি দিতে হবে বড় এক বাধা - আর্সেনাল। প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করায় দ্বিতীয় লেগ হয়ে দাঁড়িয়েছে ‘ডু অর ডাই’ লড়াই। মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়াম-এ নির্ধারিত হবে কে যাবে ফাইনালে, যেখানে অপেক্ষায় থাকবে পিএসজি অথবা বায়ার্ন মিউনিখ।


দলের অন্যতম ভরসা আন্তোয়ান গ্রিজম্যান এই মৌসুমে শেষভাগে দাঁড়িয়ে আছেন নিজের ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ মোড়ে। ২০১৬ সালের সেই ফাইনালে গোল করেও শিরোপা জিততে না পারার আক্ষেপ এবার আর রাখতে চান না তিনি।


চলতি মৌসুমের মাঝপথে মেজর লিগ সকার-এর ক্লাব অরল্যান্ডো সিটি-তে যোগ দেওয়ার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত অ্যাটলেটিকোতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন গ্রিজম্যান। তার ভাষায়, দলের ভেতরে বড় কিছু করার সম্ভাবনা তিনি অনুভব করেছিলেন বলেই এই সিদ্ধান্ত।


তিনি বলেন, এবার মানসিকভাবে অনেক বেশি স্থির ও আত্মবিশ্বাসী তিনি। আগের ফাইনালের সময় যে চাপ ছিল, এখন তা নেই। বরং উপভোগ করেই খেলছেন প্রতিটি ম্যাচ। গ্রিজম্যানের মতে, চ্যাম্পিয়ন্স লিগের মতো মঞ্চে সুযোগ বারবার আসে না, তাই সুযোগ এলে তা কাজে লাগানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই শুরু হয়েছিল তাদের যাত্রা, আর এখন মাত্র দুটি ম্যাচ দূরে সেই স্বপ্ন। এবার কি শেষ হাসি হাসতে পারবে অ্যাটলেটিকো, উত্তর মিলবে এমিরেটসের রাতেই।