Logo
×

খেলা

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের এদার মিলিতাও

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ২১:০০

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের এদার মিলিতাও

বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। চোটের কারণে দলে জায়গা হারালেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এদার মিলিতাও।


স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পাওয়ায় তাকে স্কোয়াড থেকে ছিটকে যেতে হচ্ছে। এই সপ্তাহেই ফিনল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে অস্ত্রোপচার করাবেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার। সুস্থ হয়ে মাঠে ফিরতে তার অন্তত পাঁচ মাস সময় লাগতে পারে, ফলে আসন্ন বিশ্বকাপে খেলা হচ্ছে না তার। 


গত লা লিগা ম্যাচে আলাভেসের বিপক্ষে পুরোনো চোট আবারও ফিরে আসে তার। প্রথমে বিষয়টি গুরুতর মনে না হলেও পরবর্তী পরীক্ষায় দেখা যায় অস্ত্রোপচার ছাড়া পুনরুদ্ধার সম্ভব নয়। এতে বড় ধাক্কা খায় ব্রাজিল দল এবং রিয়াল মাদ্রিদ কোচিং স্টাফও।


মিলিতাওয়ের ইনজুরি সমস্যা নতুন নয়। গত কয়েক মৌসুমে বারবার চোটের কারণে তিনি ধারাবাহিকভাবে মাঠে থাকতে পারেননি। গত তিন মৌসুমে তিনি যথাক্রমে ১৩, ১৮ ও ২১টি ম্যাচ খেলেছেন। জাতীয় দলের হয়েও তিনি সর্বশেষ খেলেছিলেন গত বছরের নভেম্বরে, যেখানে ম্যাচের মাঝপথে চোট পেয়ে মাঠ ছাড়েন।


এর আগে স্কোয়াডে চোটের কারণে ছিটকে গেছেন রদ্রিগো গোয়েস। এছাড়া তরুণ তারকা এস্তেভাওও দীর্ঘমেয়াদি ইনজুরিতে আছেন। ফলে বিশ্বকাপের আগে রক্ষণ ও আক্রমণ, দুই বিভাগেই বড় ধরনের ধাক্কা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।