চেন্নাই সুপার কিংস-এর একাদশে মহেন্দ্র সিং ধোনি-র প্রত্যাবর্তনের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। শুরুতে ধারণা ছিল আইপিএল-এর প্রথম দুই সপ্তাহেই তাকে পাওয়া যাবে, কিন্তু এক মাস পেরিয়েও তিনি দলে ফিরতে পারেননি, যা নিয়ে প্রশ্ন উঠছে জোরালোভাবে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং।
ফ্লেমিং জানিয়েছেন, ধোনির পায়ের মাংসপেশিতে আবারও টান পড়েছে, যা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। দল এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেললেও তাকে একাদশে নামানো সম্ভব হয়নি। মৌসুমে পঞ্চম হারের পর সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে তিনি বলেন, ধোনি খেলতে ভীষণ আগ্রহী হলেও একই চোট আবার লাগলে তার পুরো টুর্নামেন্টই শেষ হয়ে যেতে পারে। তাই সতর্কভাবে তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
একটি অনুশীলন ম্যাচে ফের চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ফ্লেমিং বলেন, এরপর থেকেই ধোনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। প্রত্যাশার তুলনায় তার সুস্থ হতে সময় বেশি লাগছে বলেও জানান তিনি।
যদিও মাঠে নামতে পারছেন না, তবুও অনুশীলনে নিয়মিত দেখা যাচ্ছে ধোনিকে। নেটে থ্রোডাউনে ব্যাটিং করছেন, ফিজিওর সঙ্গে দৌড়াচ্ছেন এবং ধীরে ধীরে ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি ব্যাটিং কোচ মাইকেল হাসি-র তত্ত্বাবধানে অনুশীলনও করছেন তিনি।
ফ্লেমিং আরও বলেন, ধোনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এবং পুনর্বাসনের প্রতিটি ধাপ অনুসরণ করছেন। তাকে নিয়ে অযথা হালকা মন্তব্য না করে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। এদিকে ৮ ম্যাচে ৫ হারে চেন্নাই পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে।

logo-2-1757314069.png)
