Logo
×

খেলা

ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ন গেমসে বাংলাদেশ নারী হকি দল

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৯:৪২

ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ন গেমসে বাংলাদেশ নারী হকি দল

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমস হকি বাছাইপর্বে দারুণ সাফল্যের গল্প লিখেছে বাংলাদেশ নারী দল। প্রথমবার অংশ নিয়েই তারা শুধু সেমিফাইনাল নিশ্চিত করেনি, বরং জায়গা করে নিয়েছে মূল আসর এশিয়ান গেমস-এও। আজ হংকং চায়নার বিপক্ষে ২–১ গোলের জয় তাদের এই ঐতিহাসিক অর্জন নিশ্চিত করে।


জাকার্তায় ‘এ’ গ্রুপের এই ম্যাচে ড্র করলেই মূলপর্বে ওঠা নিশ্চিত ছিল বাংলাদেশের। তবে শুরুতে পিছিয়ে পড়ার পরও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়ে পুরো অর্জনটাকে আরও অর্থবহ করে তোলে কোচ জাহিদ হোসেন রাজু-র শিষ্যরা।


টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা শুরু হয় চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলের ড্র দিয়ে। এরপর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রথম জয় তুলে নেয় দলটি। তিন ম্যাচ শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় সাত পয়েন্ট, যা তাদের অপরাজিত রেখেই নকআউট পর্বে তুলে দেয়।


গ্রুপের সমীকরণে চাইনিজ তাইপে যদি উজবেকিস্তানকে হারায়, তাহলে তাদেরও পয়েন্ট হবে সাত, সেক্ষেত্রে গোল ব্যবধান নির্ধারণ করবে গ্রুপ সেরা। ড্র হলে তাইপে রানার্সআপ হবে, আর উজবেকিস্তান জিতলে ছয় পয়েন্ট নিয়ে তারা সেমিফাইনালে উঠবে।

ম্যাচের শুরুতে এগিয়ে যায় হংকং, তবে ১০ মিনিটের মাথায় সমতা ফেরায় বাংলাদেশ।


দ্বিতীয় কোয়ার্টারে আর কোনো দল গোল করতে না পারলেও তৃতীয় কোয়ার্টারে কনার গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। এমার দেওয়া বল প্রতিহত করতে ব্যর্থ হন প্রতিপক্ষের গোলরক্ষক, আর সেই সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন কনা। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি। শেষ কোয়ার্টারেও দুই দল চেষ্টা চালালেও আর গোলের দেখা পায়নি কেউ।

 

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমস ২০২৬-এর আসরে এবার প্রথমবারের মতো বাংলাদেশ নারী হকি দল অংশ নেবে, যেখানে পুরুষ দলের পাশাপাশি তারাও প্রতিনিধিত্ব করবে।