নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে দেখা যাবে ২শ টাকায়
মেহেদী হাসান
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২১:৪২
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ফলে সিরিজ এখন ১-১ সমতায়। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণীতে। প্রথম দুই ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হলেও এই গুরুত্বপূর্ণ ম্যাচটি হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
এই ম্যাচকে সামনে রেখে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিতব্য এই ম্যাচটি মাঠে বসে দেখতে দর্শকদের সর্বনিম্ন খরচ করতে হবে ২০০ টাকা। এই টিকিট রাখা হয়েছে স্টেডিয়ামের পূর্ব পাশের গ্যালারির জন্য, যা সবচেয়ে সাশ্রয়ী।
পশ্চিম পাশের গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এছাড়া শহীদ আবু সাঈদ ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডে টিকিটের মূল্য ৬০০ টাকা করে। প্রিমিয়াম ক্যাটাগরিতে চারটি স্ট্যান্ডে সর্বোচ্চ ২,৫০০ টাকায় খেলা উপভোগের সুযোগ থাকছে।
এর মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম পাশের গ্র্যান্ড স্ট্যান্ড এবং পূর্ব ও পশ্চিম পাশের রুফটপ প্যাভিলিয়ন, যেখানে বসে দর্শকরা প্রিমিয়াম অভিজ্ঞতায় ম্যাচ দেখতে পারবেন।
সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানে জিতে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিয়ে সমতা ফেরায় বাংলাদেশ। ফলে এখন চট্টগ্রামের এই ম্যাচেই নির্ধারণ হবে সিরিজের চ্যাম্পিয়ন।

logo-2-1757314069.png)
