দলে ফিরেছেন সাকিব, তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা
মেহেদী হাসান
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ২৩:৫০
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দীর্ঘ বিরতির পর আবারও ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব।
বিপিএল শেষে পিঠের চোটে মিস করেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ। নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজ শুরুর আগে অনেকটাই ফিট হয়ে উঠেছিলেন, তবুও প্রথম দুই ম্যাচের দলে রাখা হয়নি তাকে। তবে সিরিজের শেষ ম্যাচে, অর্থাৎ তৃতীয় ওয়ানডের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে।
জাতীয় দলের হয়ে তানজিমের শেষ ওয়ানডে ছিল গত বছরের অক্টোবরে, আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশ হেরে গেলেও বল হাতে দুইটি উইকেট নিয়েছিলেন তিনি, যদিও ব্যাট হাতে রান করতে পারেননি। এপর্যন্ত ১৫টি ওয়ানডে ম্যাচ খেলে সাকিবের শিকার ২৪টি উইকেট, আর ব্যাট হাতে করেছেন ১৫১ রান।
এদিকে মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়েও কিছুটা নাটকীয়তা দেখা গেছে। তাকে সিলেট থেকে ডেকে আনা হলেও শেষ মুহূর্তে টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা বদলে দেয়। ফলে আবারও তাকে সিলেটে ফিরে যেতে হয়েছে।
শেষ ওয়ানডের জন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।

logo-2-1757314069.png)
