Logo
×

খেলা

তামিমের নেতৃত্বে বিসিবিতে দায়িত্ব বণ্টন, কে কোন ভূমিকায়?

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ২৩:৫৪

তামিমের নেতৃত্বে বিসিবিতে দায়িত্ব বণ্টন, কে কোন ভূমিকায়?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাম্প্রতিক পরিবর্তনের পর নতুন অ্যাডহক কমিটি ধীরে ধীরে নিজেদের কার্যক্রম গুছিয়ে নিচ্ছে। সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তামিম ইকবাল ইতোমধ্যেই বোর্ডের গুরুত্বপূর্ণ বিভাগগুলো বন্টন করেছেন।

বিসিবির সর্বশেষ নির্বাচনকে ঘিরে নানা আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ের আগেই তাদের প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে আগের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে আছেন তামিম। নতুন কমিটির দ্বিতীয় বোর্ড সভায় বিভিন্ন বিভাগের দায়িত্ব সদস্যদের মধ্যে বণ্টন করা হয়েছে। সভা শেষে তামিম জানান, ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব নির্দিষ্ট কারও ওপর না দিয়ে বোর্ডের সকল সদস্যকে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ রাখা হয়েছে। দায়িত্ব বণ্টন অনুযায়ী, তামিম ইকবাল নিজেই ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিজের দায়িত্ব নিয়েছেন। গেম ডেভেলপমেন্ট ও বিপিএলের দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। গ্রাউন্ডস কমিটি দেখবেন রফিকুল ইসলাম বাবু এবং টুর্নামেন্ট কমিটির দায়িত্বে আছেন মিনহাজুল আবেদীন নান্নু।

এছাড়া বয়সভিত্তিক দলের কার্যক্রম তদারকি করবেন তানজিল চৌধুরী। মার্কেটিং ও ডিসিপ্লিন কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে সালমান ইস্পাহানীকে। উইমেন্স উইং, মেডিকেল ও কমপ্লেইন কমিটি দেখবেন রাশনা ইমাম। ফিন্যান্স ও ওয়েলফেয়ার বিভাগের দায়িত্বে রয়েছেন ইসরাফিল খসরু। সিকিউরিটি এবং টেন্ডার ও পারচেজ কমিটি দেখবেন সায়েদ ইব্রাহিম আহমেদ। লজিস্টিকসের দায়িত্ব পেয়েছেন মির্জা ইয়াসির এবং আম্পায়ার্স কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে আতহার আলী খানকে।