Logo
×

খেলা

দায়িত্ব পেয়ে বিসিবিতে তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ২২:৩৭

দায়িত্ব পেয়ে বিসিবিতে তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিপরীতে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে গঠন করা হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি।

নতুন দায়িত্ব পেয়েই মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বিসিবিতে আসেন তামিম ইকবাল। আমিনুল ইসলাম বুলবুলের বিদায়ের পর বসেন বিসিবি সভাপতির চেয়ারে। বিসিবি নির্বাচন যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় তদন্ত কমিটির সুপারিশে বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনএসসি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। আর আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে বর্তমান কমিটি ভেঙে দেওয়ার কথা আইসিসিকে ইমেইলে জানিয়েছে এনএসসি।

নতুন অ্যাডহক কমিটির মেয়াদ ৩ মাস। এই সময়ের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছে। কমিটির অন্য সদস্যেরা হলেন- ইসরাফিল খসরু, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মিনহাজুল আবেদীন, আতাহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ও ফাহিম সিনহা।