বিতর্ক, ক্ষোভ আর আইনি লড়াই—সবকিছুর মাঝেও নিজেদের অবস্থান থেকে একচুলও সরে আসেনি সেনেগাল। শিরোপা কেড়ে নেওয়ার সিদ্ধান্তের পরও দলটি ট্রফি নিয়ে উদযাপন করেছে, জানিয়ে দিয়েছে, তাদের চোখে তারাই প্রকৃত চ্যাম্পিয়ন।
সম্প্রতি আফ্রিকা কাপ অব নেশনস ফাইনালে মরক্কোকে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। কিন্তু পরবর্তীতে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) আপিল বোর্ড বিতর্কিত এক সিদ্ধান্তে সেই ফল বাতিল করে মরক্কোকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করে। এই সিদ্ধান্তের পর শনিবার প্রীতি ম্যাচের আগে প্যারিসের স্তাদ দে ফ্রাঁস স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করে সেনেগাল দল। অধিনায়ক কালিদু কুলিবালির নেতৃত্বে পুরো দল ট্রফি হাতে নিয়ে মাঠ প্রদক্ষিণ করে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করে।
দলের এই পদক্ষেপ ছিল স্পষ্ট বার্তা—তাদের কাছে শিরোপা এখনো নিজেদেরই। ঘটনার সূত্রপাত ফাইনালের শেষ মুহূর্তে। অতিরিক্ত সময়ে সেনেগালের একটি গোল বাতিল হওয়ার পর মরক্কোকে পেনাল্টি দেওয়া হলে প্রতিবাদে মাঠ ছাড়ে সেনেগাল দল। প্রায় ১৪ মিনিট খেলা বন্ধ থাকে। এই ঘটনাকে কেন্দ্র করেই পরে শাস্তিমূলক সিদ্ধান্ত নেয় সিএএফ। তবে সেনেগাল এই সিদ্ধান্ত মেনে নেয়নি।
ইতোমধ্যে তারা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে। দলের কোচ পাপে থিয়াও স্পষ্ট ভাষায় বলেন, ‘শিরোপা মাঠে জিততে হয়, এবং আমরা সেটাই করেছি। আমাদের কাছে আমরাই চ্যাম্পিয়ন।’ অন্যদিকে মরক্কো শিবির এ নিয়ে খুব একটা মাথা ঘামাতে রাজি নয়। গোলরক্ষক ইয়াসিন বুনু বলেন, তারা ভবিষ্যৎ নিয়েই ভাবছে এবং বিতর্কে জড়াতে চায় না।

logo-2-1757314069.png)
