সহনশীলতার বার্তা ফখরুলের- ‘সব দলকে বক্তব্য রাখতে দিতে চাই’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০০:৫৩
: বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে সুন্দর, সুষ্ঠু, সহনশীল ও উদারপন্থী রাজনীতি চাই৷ সব রাজনৈতিক দলকে তাদের কাজ করতে দিতে চাই। বক্তব্য রাখতে দিতে চাই, জনগণের কাছে যেতে দিতে চাই৷ তাদের মধ্য থেকে জনগণ পছন্দের দলকে বেছে নেবে।
বুধবার (৩ জুন) বিকেলে ঠাকুরগাঁওয়ের কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি৷ মন্ত্রী বলেন, ‘আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনে আমি বিপুল ভোটে জয়ী হয়েছি। দলমত নির্বিশেষে সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের এলাকা ঐতিহ্যবাহী এলাকা। অধিকার রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য, কৃষক-ছাত্র আন্দোলন হয়েছে৷ আমরা একাত্তরের বীরদের ভুলে যাব না৷’ মির্জা ফখরুল আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে নেতাকর্মীরা ঠিকমতো ঘুমাতে পারেনি৷ আমি ভুলিনি এসব, ভুলতে পারি না৷ সব লুট করে নিয়ে গেছে।
দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। ২০১৮ সালে আগের রাতে ভোট হয়ে গেছে৷ এবারের নির্বাচনে কোনো কারচুপি হয়নি৷ জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে। তারেক রহমানের ওপর আস্থা রেখেছে। দুই-তৃতীয়াংশ ভোট পেয়েছে। একটা দল মনে করেছিল, বিএনপি নেই৷ বিএনপি সংখ্যাগরিষ্ঠাতা পেয়েছে৷’ মন্ত্রী আরও বলেন, ‘এখন যারা বিএনপি করেন, তাদের দায়িত্ব অনেক বেশি৷ জনগণ আপনাদের ওপর আস্থা রেখেছে৷ মারপিট করে ক্ষমতায় টিকে থাকা গেলে, হাসিনা থাকতো৷ খুব অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে সক্ষম হয়েছি৷ জনগণ বারবার বিএনপিকে ভোট দেয়৷ কারণ বিএনপি কাজ করতে পারে৷’ অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

logo-2-1757314069.png)
