Logo
×

রাজনীতি

ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগে ছাত্রশিবির নেতাকে শোকজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১০:২০

ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগে ছাত্রশিবির নেতাকে শোকজ

ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগে ছাত্রশিবিরের ২০২৫ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানবিষয়ক সম্পাদককে শোকজ করেছে হল প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রশিবিরের সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদের নামে একটি এআই-সম্পাদিত বিকৃত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর উপস্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়।

এ ঘটনার পর ছাত্রদলের নেতারা তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট দেন। তবে মাহমুদ নিজের ফেসবুক আইডিতে জানান, তিনি ওই পোস্ট করেননি। ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানেও দাবি করা হয়েছে, মাহমুদের আইডির যে স্ক্রিনশটটি ছড়ানো হয়েছে, সেটি ভুয়া এবং অন্য একটি আইডি থেকে নিয়ে সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে। এ ঘটনার জেরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য ছড়ানোর বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে দেয়াল লিখন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে অশালীন পোস্ট দেওয়ার অভিযোগের তদন্তে সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক ড. মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক এবং একই হলের আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদকে সদস্য সচিব করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হিসেবে রয়েছেন আইসিটি বিশেষজ্ঞ ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মোসাদ্দেক খান।