Logo
×

রাজনীতি

চট্টগ্রামে ছাত্রদলের ওপর শিবিরের হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০০:৩৪

চট্টগ্রামে ছাত্রদলের ওপর শিবিরের হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

চট্টগ্রাম সিটি কলেজে দেয়াললিখনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল।


বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে কেআর মার্কেটসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জব্বারের মোড়ে মিছিলটি শেষ হয়।


এ সময় ছাত্রদল নেতা-কর্মীদেরকে ‘লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘জামাত-শিবির যেখানে, লড়াই হবে সেখানে’, ‘জামাত-শিবির রাজাকার, এই মুহুর্তে ক্যাম্পাস ছাড়’, ‘শিবিরের সন্ত্রাস, রুখে দাও, রুখে দাও’, ‘জিয়ার সৈনিক এক হও লড়াই কর’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।


মিছিল পরবর্তী সমাবেশে বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম শফিক বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই গোপন বা গুপ্ত রাজনীতিতে লিপ্ত ছিল না, বরং বিগত ১৭ বছর ধরে প্রকাশ্যে রাজপথে স্বৈরাচারী শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম এবং জেল-জুলুমের মুখোমুখি হয়ে রাজনীতি করে আসছে। যারা অতীতে ফ্যাসিবাদকে শক্তিশালী করতে মদদ দিয়েছে এবং ছাত্রলীগের সর্বোচ্চ সুবিধাভোগী হিসেবে রাজনীতিকে কলুষিত করেছে, তারা যদি পুনরায় গোপন রাজনীতির আশ্রয় নিয়ে কিংবা সাধারণ শিক্ষার্থীর বেশে ছাত্রদলে অনুপ্রবেশের মাধ্যমে সংগঠনকে অস্থিতিশীল করতে চায়, তবে তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে। ছাত্রদলে ঢুকে সন্ত্রাস বা চক্রান্তের মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে ছাত্রদল সর্বদা সজাগ রয়েছে।'