সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ইবিতে শিবিরের বিক্ষোভ
ইবি প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৩:১২
শিক্ষাঙ্গনসহ দেশব্যাপী ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালানি ও গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, বাকস্বাধীনতার হস্তক্ষেপ এবং অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এসময় মিছিলে অংশগ্রহণকারীরা “জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার”, “শিক্ষা আর সন্ত্রাস একসাথে চলে না”, “সিটি কলেজে হামলা কেন, প্রশাসনের জবাব চাই”, “ধরে ধরে ধর না, ধরলে শিবির ছাড়ে না”, “লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে”, “সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, মানুষ মারার মাস্টার প্ল্যান” এবং “সন্ত্রাসী আর করিস না, পিঠের চামড়া থাকবে না” সহ বিভিন্ন স্লোগান দেন।
পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন, অফিস সম্পাদক হাসিবুর রহমান ও সাংস্কৃতিক সম্পাদক ওয়ায়েস কুরুনীসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, “আজ আমরা এক সংকটময় সময়ে এসে দাঁড়িয়েছি। ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি দল দেশকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে হত্যা, গুম, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি, আমাদের অনেক ভাইকে হত্যা করা হয়েছে। এমনকি তাদের নিজেদের অভ্যন্তরীণ কোন্দলেও বহু মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি মা-বোনদের ওপর নির্যাতনের ঘটনাও ঘটেছে। ঢাকার একটি কলেজে মাদককে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে এক সাধারণ শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “সর্বশেষ চট্টগ্রামে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে একজনের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এ ধরনের সন্ত্রাস আমরা আর সহ্য করব না। যদি সতর্ক না হয়, তাহলে ছাত্রশিবির সন্ত্রাসী ছাত্রদলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাধ্য হবে। আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানাই।”

logo-2-1757314069.png)
