রাজনীতি নিষিদ্ধের আইন পুনর্বিবেচনাসহ বিভিন্ন সমস্যা নিয়ে যবিপ্রবি ছাত্রদলের সংবাদ সম্মেলন
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ২৩:৫২
ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি, রাজনীতি নিষিদ্ধের আইন পুনর্বিবেচনা, গুপ্ত রাজনীতি পরিহার, মব কালচার প্রতিরোধ, আওয়ামী আমলে বিভিন্ন অপরাধ ও নির্যাতনের বিচার, বিভ্রান্তিকর তথ্যের অবাধ প্রবাহ প্রতিরোধসহ ক্যাম্পাসের নানান সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাতীয়তাবাদী ছাত্রদলের শিক্ষার্থীরা।
সোমবার (২০ এপ্রিল) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) যবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয় কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সালেক খান, জি এম মাহমুদ রনি, রবিন হোসাইন, মেহেদী হাসান নিশাত, রিয়াজ শেখ, আব্দুল্লাহ আল মামুন, তানজিল আল ফাহিম।
সংবাদ সম্মেলনে উপস্থাপিত দাবিগুলোর মধ্যে ছিল—ক্যাম্পাসের জায়গা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন, লাইব্রেরির সম্প্রসারণ ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু, শিক্ষার্থীদের বসার স্থান বৃদ্ধি, পরীক্ষার খাতায় কিউআর কোড ব্যবহার, ইমপ্রুভমেন্ট সিস্টেম চালু এবং বিশ্ববিদ্যালয় দিবস নির্ধারিত তারিখে যথাযথভাবে পালন।
এছাড়াও তারা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে চুড়ামনকাঠি থেকে বেলতলা পর্যন্ত দুই লেন সড়ক নির্মাণ, পালবাড়ি থেকে ক্যাম্পাস পর্যন্ত শাটল বাস বা ট্রেন সার্ভিস চালু এবং বিদ্যমান পরিবহন সুবিধা বাড়ানোর দাবি জানান। তাদের মতে, এসব দাবি ইতোমধ্যে শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে এবং তিনি সেগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
অতীতের সহিংস ও দমনমূলক রাজনীতির সমালোচনা করে যবিপ্রবি ছাত্রদল জানায়, তারা ক্যাম্পাসে কোনো ধরনের সন্ত্রাস, টর্চার সেল, ট্যাগিং সংস্কৃতি কিংবা জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করার মতো কর্মকাণ্ড দেখতে চায় না। মব কালচার থেকে বেরিয়ে এসে একটি সহনশীল ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিও তারা ব্যক্ত করে।
ছাত্রদল মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী উল্লেখ করে তারা আরও বলে, সকল ছাত্রসংগঠনকে সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জন করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে হবে। বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যের ভিত্তিতে একটি সুস্থ, সহনশীল ও সাংস্কৃতিক ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অতীতের কয়েকটি সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে তারা জানায়, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার বিষয়ে তারা আপসহীন। ভবিষ্যতেও যবিপ্রবি ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও অগ্রগতির পক্ষে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

logo-2-1757314069.png)
