ইবিতে খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগে তদন্ত কমিটি গঠন
নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৭:৪২
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় পতাকা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস শাহীদ মিয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।
রবিবার (১৯ এপ্রিল) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ১৫ এপ্রিল বেলা ১২টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সমাজকল্যান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে প্রশাসন ভবনে তালা লাগিয়ে অবরুদ্ধ করা, প্রশাসন ভবনের সামনে ব্যানারসমূহ ছিঁড়ে ফেলা, ভাংচুর করা, উষ্কানীমূলক কর্মকান্ড ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার সমন্বয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক মাননীয় ভাইস-চ্যান্সেলর নিম্নরূপভাবে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য অনুরোধ করা হলো।
তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. শাহাবুল আলম, সহকারী প্রক্টর মো. খাইরুল ইসলাম এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম।
উল্লেখ্য, গত বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যার বিচার দাবিতে প্রশাসন ভবন অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ভবনে অবরুদ্ধ এক কর্মকর্তা আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিরূপ মন্তব্য করলে উত্তেজনার সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তার দিকে তেড়ে গেলে একপর্যায়ে ফটকে টানানো বেগম খালেদা জিয়া ও জাতীয় পতাকার ছবিযুক্ত ব্যানার ছিঁড়ে ফেলে। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে অবমাননার অভিযোগ তুলে বিএনপিপন্থী বিভিন্ন ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানায়।

logo-2-1757314069.png)
