ইবিতে খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগে বিএনপিপন্থি শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ
নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৬:০৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় পতাকা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জিয়া পরিষদ এবং বিএনপিপন্থী কর্মকর্তা সমিতির বিভিন্ন ইউনিট।
রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, ইউট্যাবের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যাপক ড. নজিবুল হক, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান, সিনিয়র অধ্যাপক ড. আলীনূর রহমান এবং ইউট্যাবের ভারপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং অনলাইনে যুক্ত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন।
এছাড়া সমাবেশে জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ, কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জাতীয় পতাকাকে পদদলিত করা এবং দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর ছবি অবমাননা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি পরিকল্পিত ও ন্যাক্কারজনক কর্মকাণ্ড। এ ধরনের কাজে জড়িতরা প্রকৃত শিক্ষার্থী হতে পারে না বলেও মন্তব্য করেন তারা।
তারা আরও বলেন, জাতীয় পতাকা ও বেগম খালেদা জিয়ার ছবি অবমাননাকারীরা দেশের শত্রু। যারা বিভিন্ন আন্দোলনের নামে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্যাম্পাসের শান্ত পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে ।
তারা মন্তব্য করেন, ইবি শিক্ষিকা আসমা সাদিয়া রুনা ও শিক্ষার্থী নাজিদ হত্যার বিচারের দাবিতে চলমান শান্তিপূর্ণ কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। এছাড়া ঘটনার সময় প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যার বিচার দাবিতে প্রশাসন ভবন অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ভবনে অবরুদ্ধ এক কর্মকর্তা আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিরূপ মন্তব্য করলে উত্তেজনার সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তার দিকে তেড়ে গেলে একপর্যায়ে ফটকে টানানো বেগম খালেদা জিয়া ও জাতীয় পতাকার ছবিযুক্ত ব্যানার ছিঁড়ে ফেলে। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে অবমাননার অভিযোগ তুলে বিএনপিপন্থী বিভিন্ন ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানায়।

logo-2-1757314069.png)
