Logo
×

রাজনীতি

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন চমক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৬:০২

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন চমক

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কনকচাঁপা, রিজিয়া পারভীন, বেবী নাজনীনসহ বেশ ক’জন তারকা বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এই অভিনেত্রী। বিষয়টি গণমাধ্যমে তিনি নিজেই নিশ্চিত করেছেন।

এদিকে, শুক্রবার (১৭ এপ্রিল) থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বিএনপি। এদিন বিকেলে সাক্ষাৎকার পর্বে অংশ নিয়েছেন চমক। সাক্ষাৎকার শেষে তাঁকে বেশ উচ্ছ্বসিতভাবে বের হতে দেখা যায়।

এ সময় গণমাধ্যমে তিনি বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই। বিশেষ করে নারীদের জন্য। সেজন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। কথা বলে সবকিছু ইতিবাচক মনে হয়েছে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।’

সাক্ষাৎকার বোর্ডের সদস্যরা কী প্রশ্ন করেছিলেন—জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি বিএনপিকে সার্ভ করতে চাই কি-না? বলেছি, হ্যাঁ, আমি বিএনপিকে সার্ভ করতে চাই। কিন্তু আমার প্রথম ভিশন হচ্ছে দেশকে সার্ভ করা। বিএনপি যদি আমাকে সেই সুযোগ দেয় বা এই প্ল্যাটফর্মটা দেয় তাহলে আমি কৃতজ্ঞ থাকব।’

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে সামাজিকমাধ্যম ফেসবুকেও একটি পোস্ট দিয়েছেন চমক। কিছুটা রহস্য জিঁইয়ে রেখে সেই পোস্টে তিনি বলেন, ‌‌‘নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।’ প্রসঙ্গত, অভিনয়গুণে বছর কয়েকের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেছেন রুকাইয়া জাহান চমক। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে তাঁর পথচলা শুরু। তারপর ছোটপর্দার পাশাপাশি কাজ করেছেন বেশকিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও। জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার পক্ষে সোচ্চার ছিলেন তিনি।