Logo
×

রাজনীতি

গণভোটের মাধ্যমে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: গোলাম পরওয়ার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০০:০৪

গণভোটের মাধ্যমে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি জুলাই সনদে যে নোট অব ডিসেন্ট দিয়েছে, গণভোটের মাধ্যমে জনগণ তা খারিজ করে দিয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ১১ দলীয় জোটের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠান শেষে ১১ দলের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় হ্যান্ড লিফলেট বিতরণ করেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি কোথায় বাধা দিচ্ছে, তা আমরা সংক্ষেপে প্রচারপত্রে তুলে ধরেছি।

তা আজ আমরা নগরবাসীর কাছে বিলি করব। আমরা সপ্তাহব্যাপী এই প্রচারপত্র বিলি করব। এর মধ্যে ১১ এপ্রিল মহানগরীগুলোতে বিক্ষোভ, ১২ এপ্রিল জেলায় জেলায় কর্মসূচি ও ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সেমিনার আয়োজন করা হবে। তিনি বলেন, এত রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছিলাম। সংসদ মাত্র বসেছে। এমন সময় এই রাজনৈতিক সংকট তৈরি করেছে বিএনপি। ফলে বিএনপির তৈরি করা সংকট তাদেরই সমাধান করতে হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটের মাধ্যমে বিএনপির নোট অব ডিসেন্ট জনগণ খারিজ করে দিয়েছে। গণভোটে কোনো নোট অব ডিসেন্ট ছিল না। এখন প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, আপনি যে হ্যাঁ ভোট দিতে বলেছেন। আপনি তো হ্যাঁতে ভোট দিয়েছেন। আপনার হ্যাঁ-তে ভোট দেওয়ার অর্থ হলো, জুলাই সনদে যে সংস্কারের কথা আছে, প্রত্যেকটিতে আপনি হ্যাঁ দিয়েছেন। এখন আপনার মন্ত্রীরা গণভোটকে অবৈধ বলছে। সাহস থাকলে আপনি মানুষের ভোটকে অস্বীকার করুন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আপনি যদি হ্যাঁ-তে ভোট দিয়ে থাকেন, তাহলে আপনি ৮৪টি সংস্কার, এর মধ্যে ৪৭টি সাংবিধানিক সংস্কারকে মেনে নিয়েছেন। এখন সংবিধানের দোহাই দেবেন, রাষ্ট্রপতির আদেশ, সংবিধান সংস্কারের আদেশ এগুলো নিয়ে যে প্রশ্ন তুলছেন, ৫ কোটি মানুষ ভোট দিয়ে তার জবাব দিয়েছে। এসময় সংবিধান সংস্কার পরিষদকে মেনে নিয়ে শপথ গ্রহণ করতে সরকারি দলকে আহ্বান জানান তিনি। লিফলেট বিতরণ কর্মসূচিতে ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।