গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন
মো. হাসানুল বান্না, শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১৬:২১
গণভোটের রায় এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন শাখা সংগঠনটির নেতাকর্মীরা।
মানববন্ধনে ইনকিলাব মঞ্চের যুগ্ম সদস্য সচিব মাহবুব হাসান অনু বলেন, "ঊনসত্তর শতাংশ মানুষ গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে ভোট দিয়েছে। এখন যারা ক্ষমতায় আছে, তাদের উচিত গণভোটের রায় বাস্তবায়ন করা। বিএনপির উচিত এখন জনগণের রায় বাস্তবায়ন করা। আর তা না হলে, যদি স্বৈরাচারী কাঠামো রেখে দ্বৈত সুবিধা নিতে চান, তাহলে মনে রাখবেন কোনো স্বৈরশাসক পৃথিবীতে স্থায়ী নয়। আপনাদের পতনও সেই স্বৈরশাসকের মতোই হবে।"
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের পরে একটি সরকার এলো। সেই সরকার যে ম্যান্ডেটে এসেছে, সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কেন বাস্তবায়ন করছে না? তাদের উদ্দেশ্য কি আওয়ামী লীগের কাঠামো ঠিক রেখে শুধু শেখ হাসিনাকে বাদ দিয়ে ক্ষমতা ভোগ করা?"
তিনি আরও বলেন, "জনগণের প্রায় ৭০ শতাংশ রায় দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। আপনাদের প্রথম কাজ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করা। না করলে আওয়ামী লীগের মত পরিনতি হবে"
ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, "১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান চার-পাঁচ বছরও ক্ষমতা ধরে রাখতে পারেননি। ৭২-এর সংবিধানের মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম করার ফলেই ১৫ আগস্ট এসেছিল। একইভাবে ৯০-এর গণঅভ্যুত্থানের পরে বিএনপি তিন দলের রূপরেখার সংস্কার বাস্তবায়ন না করায় ৯৬ সালে ক্ষমতা ছাড়তে হয়েছিল। দীর্ঘ ১৭ বছরের আওয়ামী দুঃশাসনের পর ৫ আগস্ট এসেছে। এই ইতিহাসের পুনরাবৃত্তি যেন আর না হয়।"
তিনি আরও বলেন, "আমরা বাংলাদেশে আর কোনো সহিংসতা দেখতে চাই না। তাই আজ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। কিন্তু যদি আবার এরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটা গণভোট নয় সেটা হবে সরাসরি বিপ্লব।"

logo-2-1757314069.png)
