Logo
×

রাজনীতি

এক মাসেই বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে : গোলাম পরওয়ার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ২৩:৪৪

এক মাসেই বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘এখন যারা ক্ষমতায় গেছে এক মাসও হয়নি, তারা ১৮০ ডিগ্রি উল্টো ঘুরে গেছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের গণভোটের অধ্যাদেশ বাতিল করার ব্যবস্থা করছে। মানুষ আস্তে আস্তে ভুলে যায়, আস্তে আস্তে উল্টো চলে। কিন্তু তারা এক মাসেই উল্টা চলছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরপুর ঝিনাইগাতী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি-জামায়াতসহ ৩৩টি দল ফ্যাসিস্ট আমলের রাষ্ট্রব্যবস্থাকে সংস্কারের জন্য সাংবিধানিক, রাজনৈতিক, আইনি, প্রশাসনিক ৮৪টি সংস্কারের বিষয়ে একমত হয়েছিলাম। তার মধ্যে ৪৭টি সংস্কার ছিল সাংবিধানিক পরিবর্তন।’ তিনি বলেন, ‘দেশের মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলেই প্রকৃত প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে। তাই আগামী ৯ এপ্রিলের নির্বাচনে জনগণকে সচেতন হয়ে সঠিক প্রার্থীকে বেছে নিতে হবে। দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়বিচার ও ইনসাফের প্রতীক—এ প্রতীকের পক্ষে গণসমর্থন দিন।’

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম পরিবর্তন চায়। দুর্নীতি, দুঃশাসন ও অবিচারের বিরুদ্ধে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী ৯ এপ্রিলের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখুন।’ ঝিনাইগাতী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে জনসভা সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মো. ফরহাদ হোসেন। জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মো. মনজুরুল ইসলাম ভূঁইয়া, শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন প্রমুখ।