ইয়াজউদ্দিন আহমেদকে চাপ দিয়েছিলেন মাসুদসহ ৬ সেনা কর্মকর্তা: ডিবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১০:৪৯
এক-এগারো সরকারের সময় আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিচ্ছেন ভুক্তভোগীরা। গ্রেফতার-নির্যাতন, জিম্মি করে অর্থ আদায়সহ নানা অভিযোগ তাদের। আর এক-এগারো সরকার গঠনে এই দুই সেনা কর্মকর্তা ছাড়াও আরও কয়েকজনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সম্প্রতি তিন দিনের ব্যবধানে গ্রেফতার হন এক-এগারো সরকারের সময় আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদ। দুজনই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। এর মধ্যে জেনারেল মাসুদকে মানবপাচারের অভিযোগে গ্রেফতার দেখানো হয়। আর জেনারেল মামুনকে জুলাই হত্যা মামলায় গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
দুই সেনা কর্মকর্তা গ্রেফতারের পর আবারও আলোচনায় ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করে গঠিত এক-এগারো সরকার। মাসুদের দ্বিতীয় দফা আর মামুনের প্রথম দফা রিমান্ড চলছে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ২০০৭ সালে রাষ্ট্রপতিকে দিয়ে জরুরি অবস্থা জারির দায় এখনও স্বীকার করেননি তারা। আর বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্রেফতার-নির্যাতনের দায় অন্যদের ওপর চাপিয়েছেন দুজন।
ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, ‘আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের বিরুদ্ধে কী কী অভিযোগ আছে, তা বিচার বিশ্লেষণ করছি। এটা তদন্তের বিষয়।’ গোয়েন্দা পুলিশ বলছে, এক-এগারোর আগে তত্ত্বাবধায় সরকারের প্রধান ড. ইয়াজউদ্দিন আহমেদকে চাপ দিয়েছিলেন মাসুদসহ ৬ সেনা কর্মকর্তা। বাকিদের বিষেয়েও খোঁজ নেয়া হচ্ছে। এ ছাড়া, সেই সময় গ্রেফতার-নির্যাতন, দুর্নীতি, জিম্মি করে অর্থ আদায়সহ নানা অভিযোগ জানাচ্ছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেয়ার আহ্বান পুলিশের। শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে অনেকেই যোগাযোগ করছেন। আমরা বলেছি, আপনারা আনুষ্ঠানিক অভিযোগ করেন, আইনগত ব্যবস্থা আমরা নেব।’
মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে দুর্নীতির মামলায়ও।

logo-2-1757314069.png)
