Logo
×

রাজনীতি

রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ, অপসারণের দাবি নাহিদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০১:০৮

রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ, অপসারণের দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ তুলে তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে তাকে গ্রেপ্তারের আওতায় আনার কথাও বলেছেন তিনি।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ ভঙ্গ করেছেন।

তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং জুলাই গণহত্যার সময় তিনি নির্বিকার ছিলেন। তাই তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নিতে হবে এবং তাকে আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, আমরা নির্বাচনকে সম্মান জানিয়ে অনেক ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ থাকা সত্ত্বেও সংসদে গিয়েছি। কারণ এত কারচুপির পরও জনগণ আমাদের কয়েকজন সংসদ সদস্য নির্বাচিত করেছেন। সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, উচ্চ কক্ষ গঠন এবং সংবিধান সংস্কারের লক্ষ্য নিয়েই আমরা সংসদে গিয়েছিলাম। আমরা বলেছিলাম ফ্যাসিস্টের দোসরমুক্ত সংসদ দেখতে চাই। নাহিদ ইসলাম বলেন, দুঃখজনকভাবে সরকারের প্রথম সংসদ সুন্দরভাবে শুরু হলেও আমরা আন্তরিকভাবে অংশ নেওয়ার পরও সেখানে ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এতে জুলাই আকাঙ্ক্ষার ভিত্তিতে গঠিত সংসদের সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে।