আমাদের বিশ্বাস ছিল হত্যাকারীরা গ্রেপ্তার হবেই : হাদির বোন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১৯:০০
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার বোন মাসুমা হাদি।
সোমবার (৯ মার্চ) দুপুর ১২টায় ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে হাদির বোন মাছুমা হাদি এ দাবি জানান। এ সময় হাদির ভগ্নিপতি আমির হোসেন, প্রতিবেশী তৌহিদ আলম মান্না, সাইদুল কবির রানা, মুফতি হানযালা নোমানী, শাহাদাত আলম ও সাথি আক্তার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মাছুমা হাদি অভিযোগ করেন, গত বছরের ১২ ডিসেম্বর তার ভাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয়। ঘটনার ৮৭ দিন পার হলেও তদন্তকারী সংস্থা আদালতে চার্জশিট দিতে পারেনি। জাতিসংঘের তত্ত্বাবধায়নে তদন্ত সম্পন্ন করে দ্রুত চার্জশিট দাখিলের দাবি জানান তিনি। মাছুমা হাদি বলেন, ‘আমরা সংবাদমাধ্যমে জানতে পেরেছি, হাদি হত্যার প্রধান আসামি শ্যুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতে গ্রেপ্তার হয়েছে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী অল্প সময়ের মধ্যে খুনিদের দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনের মাধ্যমে বিচার করতে হবে।
তিনি আরো বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল, ওসমান হাদির হত্যাকারীরা গ্রেপ্তার হবেই। আমরা চাই, দ্রুততম সময়ের মধ্যে আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনা হবে। এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত বিশ্ববাসী তা জানতে চায়। সরকারকে নিরপেক্ষভাবে এ মামলার বিচার করতে হবে। আমরা দেখতে চাই হাদিকে কারা মেরেছে। হাদি যেমন চেয়েছিল, ন্যায় ও ইনসাফ আমরাও বিচার কাজে ইনসাফ চাই। প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক, এটাই প্রত্যাশা করছি। ’

logo-2-1757314069.png)
