Logo
×

রাজনীতি

হাতিয়ায় হওয়া প্রত্যেকটি হামলার তদন্ত করতে হবে : নাহিদ ইসলাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০

হাতিয়ায় হওয়া প্রত্যেকটি হামলার তদন্ত করতে হবে : নাহিদ ইসলাম

নির্বাচনের পর থেকে হাতিয়ায় হওয়া প্রত্যেকটি হামলার তদন্ত করতে হবে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিলেমিশে হামলা করেছে। আজ দুপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে হান্নান মাসউদ হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় যান।

তিনি আরও বলেন, এসময় তার ওপর অতর্কিত হামলা শুরু করে স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা। এর সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগের পুনর্বাসিত গুণ্ডা বাহিনী। এ হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। একজন নির্বাচিত সংসদ সদস্যের ওপর এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

হামলার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। হামলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। নাহিদ ইসলাম পোস্টে লিখেন, একজন নির্বাচিত সংসদ সদস্যকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে না পারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। এর মধ্য দিয়ে সরকারের দেওয়া আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি অকার্যকর প্রমাণিত হলো। নির্বাচনের পর থেকে হাতিয়ায় হওয়া প্রত্যেকটি হামলার তদন্ত করতে হবে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।