"বিরোধী দলীয় নেতা হিসেবে আসতে হবে, তাই ফুল দিতে এসেছি"
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমবারের মতো শ্রদ্ধা নিবেদন প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির বলেছেন, রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে আমার সঙ্গীদের নিয়ে এখানে আসতে হবে, তাই ফুল দিতে এসেছি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২ টা ২৩ মিনিটে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দল হিসেবে ১১ দল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জামায়াতের আমির সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, আমরা ভাষা শহীদদের আগেও ১৯৪৭ সালে যারা শহীদ হয়েছে, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। ১৯৫২ সালের শহীদদের স্মরণ করি। ১৯৭১ সালে যারা শহীদ হয়েছে, তাদের স্মরণ করি। ১৯৯০ গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, তাদের স্মরণ করি। ২০২৪ সালের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, তাদের স্মরণ করি। এছাড়া যারা ফ্যাসিবাদের হাতে শহীদ হয়েছে, বিশেষ করে বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট আমলে যারা শহীদ হয়েছে, তাদের সবাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। শেষ পর্যন্ত আমরা স্মরণ করি যারা জুলাইযোদ্ধা হিসেবে জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে জীবন দিয়েছেন, আমাদের ওসমান হাদিকেও স্মরণ করি।
জামায়াত আমির বলেন, তারা যে কারণে লড়াই করেছে, সে প্রত্যাশা পূরণ হয়নি। সেই লড়াই আমরা অব্যাহত রাখব। একটি দুর্নীতিমুক্ত, ফ্যাসিবামুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ গঠন করার জন্য আমরা লড়াই চালিয়ে যাব। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুর কবরস্থানে জামায়াতের আমিরসহ অন্যান্য নেতারা ভাষা শহীদদের কবর জেয়ারত করেন। জেয়ারত শেষে তিনি বলেন, ঐতিহাসিক আজিমপুর কবরস্থানে তিনজন ভাষা শহীদের দাফন সম্পন্ন হয়েছিল, আমরা মূলত তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে এসেছি। আমরা ফাতেহা পাঠ করেছি। সূরা এখলাস তেলাওয়াত করেছি। আমরা জাতির এই সমস্ত বীর সন্তানদের জন্য দোয়া করেছি।

logo-2-1757314069.png)
