জামায়াত আমিরকে পাঠানো চিঠিতে কী লিখেছেন প্রধান উপদেষ্টা?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক শিষ্টাচার ও সংযম প্রদর্শনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার এক প্রতিনিধি জামায়াত আমিরের হাতে এই চিঠি হস্তান্তর করেন।
চিঠিতে প্রধান উপদেষ্টা নির্বাচনের ফলাফল শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য জামায়াত আমিরের নেতৃত্বের প্রশংসা করেন। অধ্যাপক ইউনূস লিখেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে নির্বাচনের ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
নির্বাচনী প্রচার থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত জামায়াতে ইসলামীর ভূমিকার কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, ‘নির্বাচনী প্রচারপর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত আপনার রাজনৈতিক শিষ্টাচার, সংযম,
দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখেছে।’ এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনাকালে দলটির গঠনমূলক সমর্থন ও সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশের বর্তমান প্রেক্ষাপটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস তাঁর চিঠিতে মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিগত রূপান্তর ও সামাজিক ন্যায়বিচারের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ঐক্যের ওপর জোর দেন। তিনি লিখেছেন, ‘গণতন্ত্রকে আরও শক্তিশালী, অংশগ্রহণমূলক ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে হলে সরকার ও বিরোধী দল উভয়েরই দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ ভূমিকা অপরিহার্য।’
জামায়াত আমিরের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ‘আমি প্রত্যাশা করি, আপনার নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে– এমনটাই আমাদের আকাঙ্ক্ষা।’
চিঠির শেষাংশে জাতীয় ঐক্যই দেশের শক্তি উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।

logo-2-1757314069.png)
