Logo
×

রাজনীতি

‘সোচ্চার’র জরিপে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫১

‘সোচ্চার’র জরিপে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রধানমন্ত্রী কে হবেন, এ বিষয়ে পরিচালিত এক জরিপে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে এগিয়ে রেখেছেন ভোটাররা। বেসরকারি গবেষণা সংস্থা ‘সোচ্চার’র জরিপে অংশ নেওয়া ৪২ দশমিক ১ শতাংশ ভোটার মনে করেন, পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান।

জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৩৪ দশমিক ৯ শতাংশ ভোটার। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

জরিপে ঢাকা-১৭, ঢাকা-১৫, ঢাকা-১১ ও ঢাকা-১৩ আসনের মোট ২ হাজার ২৪১ জন ভোটারের মতামত নেওয়া হয়। তাদের কাছে জানতে চাওয়া হয়, আসন্ন জাতীয় নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, সেই সরকারের প্রধানমন্ত্রী কে হতে পারেন। ফলাফলে দেখা যায়, ৪২ দশমিক ১ শতাংশ ভোটার তারেক রহমানের নামোল্লেখ করেন। ৩৪ দশমিক ৯ শতাংশ ভোটার মনে করেন, ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন। এ ছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন বলে মত দিয়েছেন মাত্র ১ দশমিক ৮ শতাংশ ভোটার। জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ১৬ দশমিক ২ শতাংশ এ বিষয়ে সিদ্ধান্তহীন অবস্থায় রয়েছেন। আর ৪ দশমিক ১ শতাংশ ভোটার এ প্রশ্নে কোনো মতামত দিতে রাজি হননি। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, পুরুষ ভোটারদের ৪২ দশমিক ৪ শতাংশ এবং নারী ভোটারদের ৪১ দশমিক ৭ শতাংশ তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন।

অন্যদিকে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মত দিয়েছেন পুরুষ ভোটারদের ৩৪ দশমিক ৩ শতাংশ এবং নারী ভোটারদের ৩৫ দশমিক ৫ শতাংশ। জরিপের ফলাফল অনুযায়ী, সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ভোটারদের মধ্যে তারেক রহমান ও ডা. শফিকুর রহমানের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।