জনসভা মঞ্চেই শীতলপাটিতে শুয়ে পড়লেন জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঝালকাঠিতে নির্বাচনী জনসভায় এক স্থানীয় ব্যক্তি থেকে শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়েছেন। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই তিনি উঠে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কোলাকুলি করতে শুরু করেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে এমন কাণ্ড ঘটান।
নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, যুবকরা জুলাই আন্দোলনে না নামলে ২০৪১ সাল পর্যন্ত দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করা সম্ভব হতো না। তাই আগামীতেও যুবসমাজকে জেগে উঠতে হবে। এই আন্দোলন ও লড়াই তাদের হাতেই এগিয়ে নেওয়া হবে। খুব শিগগিরই যুবকদের হাতে দেশের দায়িত্ব তুলে দিতে চাই। ঝালকাঠির মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদি ঝালকাঠির সন্তান। নির্বাচনে ক্ষমতায় এলে হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে। হাদির দর্শনের মধ্যে উল্লেখযোগ্য ছিল ইনসাফ ও বৈষম্যমূলক বাংলাদেশ। জাতীয় স্বার্থে সেই দর্শন বাস্তবায়ন করা হবে। গণভোটের হ্যাঁ’তে ভোট দিলে সেটি নিশ্চিত করার সুযোগ আসবে। দেশ গঠনের বিষয়ে তিনি বলেন, চাকরি, দায়িত্ব ও পেশার ওপর ভিত্তি করে বেতন কাঠামো নির্ধারণ করা হবে। যাতে কারো উচ্চাকাঙ্ক্ষা অব্যাহত না থাকে। তারপরেও যদি কোনো চাকরিজীবী অন্যভাবে আয় অর্জনের চেষ্টা করে, তাকে দৃষ্টান্তমূলক শিক্ষা দেওয়া হবে। আমরা যুবকদের বেকার ভাতা দেবো না; তাদের কর্মসংস্থানের মাধ্যমে দেশ গড়ার হাতিয়ার করা হবে।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের প্রার্থী ড. ফয়জুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, এনসিপির ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা মিতু এবং এবি শ্রমিক পার্টির যুগ্ম সমন্বয়ক শেখ জামাল হোসেন। জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে নায়েবে আমির অ্যাডভোকেট আমিনুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হকের সঞ্চালনায় জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতারা বক্তব্য দেন। শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদিও স্টেজে উপস্থিত ছিলেন। এ নির্বাচনী জনসভায় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে ওই বিদ্যালয় মাঠ মুখরিত হয়ে ওঠে।

logo-2-1757314069.png)
