Logo
×

রাজনীতি

ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে সাইকেল র‍্যালি

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৪

ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে সাইকেল র‍্যালি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকালে জেলার জুবিলী মাঠ থেকে সাইকেল র‍্যালিটি শুরু হয়ে বক পয়েন্ট, আব্দুজ জহুর সেতু ঘুরে ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন। তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আদর্শ, নৈতিকতা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে ছাত্রসমাজকে সংগঠিত করে আসছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম। এছাড়া বক্তব্য দেন পৌর ছাত্রশিবিরের সভাপতি ইকরামুল হক মাজেদ। সমাবেশের সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক সুমেল আহমদ।

বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে যাত্রা শুরু করে। দীর্ঘ ৪৯ বছরে সংগঠনটি আদর্শিক ছাত্র আন্দোলনের ধারক ও বাহক হিসেবে দেশের ছাত্রসমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

র‍্যালি ও সমাবেশে জেলা ও পৌর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।