Logo
×

রাজনীতি

যারা নিজেদের দল সামলাতে পারে না, তারা কি দেশ সামলাতে পারবে?: জামায়াত আমির

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৪

যারা নিজেদের দল সামলাতে পারে না, তারা কি দেশ সামলাতে পারবে?: জামায়াত আমির

'যারা নিজেদের দল সামলাতে পারে না তারা কি দেশ সামলাতে পারবে? বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জের আর সি কলেজ মাঠ প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামীর আমীর বলেন, 'শত নির্যাতনের পরও, দেশের সব দুর্যোগ মুহূর্তে সরকারের আগেই মানুষের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। আর ৫ আগস্টের পর একটা দল মানুষকে মামলায় জড়িয়ে খাজনা বাণিজ্য করছে। সারা দেশে জামায়াতে ইসলামী মামলা করেছে মাত্র ৮ টি। তাও উপযুক্ত প্রমাণের ভিত্তিতে।'

তিনি বলেন, জামায়াতে ইসলামীর ক্ষমতায় গেলে অপরাধ করলে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কাউকেই ছাড় দেয়া হবে না। 'আমাদের দলের কোনো ব্যক্তি কোথাও কোনো চাঁদাবাজি করে নাই। ৫ আগস্টের পর আমরা মানুষের পাহারাদার হিসেবে টানা ১৫ দিন দায়িত্ব পালন করেছি। আমরা ক্ষমতায় গেলে বিচারে কোনো বৈষম্য থাকবে না। অপরাধ করলে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কাউকেই ছাড় দেয়া হবে না। আমরা দুর্নীতির ঘাড় ধরে টান দেবো।'

দেশের টাকা বিদেশে পাচারকারীদের উদ্দেশ্য তিনি বলেন, 'টাকা পাচার করে দেশকে বিপর্যস্ত করে ফেলেছে একটি পতিত দল। দেশের ব্যাংকগুলো আজ অস্তিত্ব সংকটে কাঁপছে। পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে এনে দোষীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।'

তিনি আরও বলেন, 'ইনসাফ হচ্ছে যার যার পাওনা তার তার কাছে বুঝিয়ে দেয়া। দ্বীপ জেলা ভোলা তো বাংলাদেশেরই অংশ। ক্ষমতায় গেলে ভোলাকে তার প্রাপ্যটুকু বুঝিয়ে দেয়া হবে।'

প্রচারণায় নামা নারীদের নিয়ে কেউ কেউ উচ্ছৃঙ্খল মন্তব্য করেছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমীর বলেন, ‘সেই দোষ আমার ওপর চাপাতে চেয়েছে। কিন্তু তারা মিসাইল ছুড়েছে আমার দিকে, এখন তা পড়েছে তাদের কপালে। আমরা সমালোচনা করতে পছন্দ করি। কিন্তু আমি যে অপরাধ করিনি; সে অপরাধের দোষ আমাকে দিলে এ দেশের মানুষ মেনে নিবে না।'

জামায়াতের আমির আরও বলেন, 'যারা নিজেদের দল সামলাতে পারে না তারা কি দেশ সামলাতে পারবে? দেশের মানুষ নতুন বন্দোবস্ত দেখার জন্য মুখিয়ে আছে। নতুন বাংলাদেশ হবে ন্যায্যতার। ১৩ তারিখ আমরা সেই দেশ পাবো ইনশাল্লাহ।'

 জামায়াতে ইসলামীর মেহেন্দীগঞ্জ উপজেলা আমিরের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল,  বরিশাল অঞ্চল টীম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী, বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, জেলা আমির ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার, এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমূখ।