সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মচারীর শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার ২২০টি বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
রবিবার (২১ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের লিখিত উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। রবিবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।
প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত স্ট্যাটেটিক্স অব পাবলিক সারভেন্টস ২০২৪ মোতাবেক সকল মন্ত্রণালয় ও সরকারি অফিসসমূহের শ্রেণিওয়ারি কর্মরত কর্মচারীর সংখ্যা এবং শূন্যপদের সংখ্যা মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। শূন্যপদ পূরণের জন্য ইতোমধ্যে ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, কর্মপরিকল্পনায় বর্ণিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ’-এর লক্ষ্যে সকল অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্যপদে নিয়োগের তথ্য প্রেরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় হতে পত্র প্রেরণ করা হয়েছে।

logo-2-1757314069.png)
