Logo
×

জাতীয়

বিসিএসে মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর বহাল থাকছে : প্রতিমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১৭:৫০

বিসিএসে মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর বহাল থাকছে : প্রতিমন্ত্রী

বাংলাদেশ সিভিল সার্ভিসের মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মকর্তা নিয়োগের মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর বহাল থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রবিবার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ১১তম দিনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

তিনি জানান, বিসিএস পরীক্ষার ভাইভা প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে মৌখিক পরীক্ষার মোট নম্বর ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর বহাল থাকবে। সংসদকে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বরে প্রকাশিত একটি বিশেষ প্রজ্ঞাপনের (এস.আর.ও. নং ৪১২-আই/২০২৪) মাধ্যমে এই নিয়ম কার্যকর করা হয়েছে। এই প্রজ্ঞাপনের বিধি ১৮-এর উপ-বিধি (১)-এর টেবিল অনুযায়ী মৌখিক পরীক্ষার এই নম্বর পরিমার্জন করা হয়। চলমান ৪৭তম বিসিএস থেকেই ১০০ নম্বরের এই নতুন নিয়মে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

মন্ত্রী জানান, বিশেষ বিসিএস হিসেবে পরিচিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। এটি মূলত ২০২৫ সালের ২৭ মে প্রকাশিত সংশোধিত বিধিমালা ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর বিশেষ বিধান অনুযায়ী সম্পন্ন হয়েছিল। আসন্ন ৫০তম বিসিএস এবং এর পরবর্তী সব বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিসিএস পরীক্ষা আরো স্বচ্ছ, গতিশীল ও বৈষম্যহীন হবে।