ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করতে লোকবলসহ স্টেশন বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৬:৪৫
ফায়ার সার্ভিসকে আধুনিকায়নের মাধ্যমে যুগোপযোগী করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সারা দেশে মাত্র ৫৩৮টি ফায়ার স্টেশন যথেষ্ট নয়। দেশে অগ্নিনির্বাপণ, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করে যুগোপযোগী করতে হবে। এ জন্য ফায়ার সার্ভিসের লোকবল ও স্টেশন বাড়ানো হবে।
আজ মঙ্গলবার দুপুরে (১৯ মে) পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস স্টেশনে পাসিং আউট প্যারেড ও পদক প্রদান-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের ৫২ জন সদস্য অগ্নিদুর্ঘটনা মোকাবিলা করতে গিয়ে শহীদ হয়েছেন। তাঁদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আজকের ফায়ার সার্ভিসের স্লোগান “অগ্নিযোদ্ধাদের একটাই পণ; নিরাপদ রুখব সম্পদ ও জীবন”-এর প্রতি সমর্থন জানিয়ে ফায়ার সার্ভিসকে আধুনিকায়নে সরকারের পদক্ষেপ ও পরিকল্পনা রয়েছে।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘ইতিমধ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিসের সদস্যদের ট্রেনিং একাডেমিসহ আরও ২০টি প্রকল্পের কাজ চলমান। তবে ৫৩৮টি স্টেশন বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট নয়। অবিলম্বে সেবাকে ছড়িয়ে দিতে ই-ফায়ার সনদ চালু করা হয়েছে। অগ্নিদুর্ঘটনায় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এই কার্যক্রম চলমান থাকবে।’
ফায়ার সার্ভিসের পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। এ ছাড়া ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা পুলিশের এএসপি মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাহউদ্দিন আহমদসহ ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

logo-2-1757314069.png)
