জরুরি সেবা খাতে জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে
সংসদকে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৮
জ্বালানিসংকট নিরসনে করণীয় নির্ধারণে সরকার ও বিরোধী দলের সমসংখ্যক সদস্য নিয়ে ১০ সদস্যের বিশেষ কমিটি অনুমোদন করেছে জাতীয় সংসদ। কমিটিকে ৩০ দিনের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সংসদকে জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং এরই মধ্যে তুলে নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
গতকাল রবিবার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে সরকারি দলের এমপি মনিরুল হক চৌধুরী মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে দেশে সৃষ্ট জ্বালানিসংকট নিয়ে কথা বলেন। তিনি অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে, যার ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এর ফলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পুলিশের টহল কমে যাওয়ার কারণে কুমিল্লার একজন কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। এরপর ফ্লোর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সংসদকে বলেন, ‘এমপি যে উদ্বেগ প্রকাশ করেছেন, সে বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। পুলিশসহ ইমার্জেন্সি বাহিনীর যারা আছে—পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড—তাদের ওপর থেকে যে এমবার্গো (নিষেধাজ্ঞা) ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে। দুই দিন আগেই এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে।’ এই সমস্যা আর হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
জ্বালানি নিয়ে সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সংসদে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুযায়ী ১০ সদস্যের বিশেষ কমিটি অনুমোদন দিয়েছে সংসদ। সরকারি দলের পাঁচজন এবং বিরোধী দলের পাঁচজন নিয়ে গঠিত ওই কমিটিকে বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম এসংক্রান্ত প্রস্তাবটি উত্থাপনের পর স্পিকার তা সংসদে ভোটে দেন। কণ্ঠভোটে সর্বসম্মতিতে প্রস্তাবটি পাস হয়। উল্লেখ্য, বিরোধী দলের দাবির পরিপ্রেক্ষিতে গত ২৩ এপ্রিল জ্বালানিসংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান করে গঠিত এই কমিটির সদস্যরা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন, এমপি মঈনুল ইসলাম শান্ত ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং বিরোধীদলীয় সদস্য সাইফুল আলম মিলন, আব্দুল বাতেন, মো. নূরুল ইসলাম, আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান।

logo-2-1757314069.png)
