Logo
×

জাতীয়

নতুন ভাড়া কার্যকর হয়নি ঢাকার বাসে, চার্টের অপেক্ষায় চালক-হেলপাররা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১৯:১৯

নতুন ভাড়া কার্যকর হয়নি ঢাকার বাসে, চার্টের অপেক্ষায় চালক-হেলপাররা

জ্বালানি তেলের দাম বাড়ায় রাজধানী ঢাকায় ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে ঢাকায় নতুন বাস ভাড়া এখনও কার্যকর হয়নি। নতুন ভাড়া কার্যকরে চার্টের অপেক্ষায় রয়েছেন গণপরিবহনের চালক-হেলপাররা।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) সকালে মিরপুর ১০ নম্বর চত্বর থেকে ডিজেলচালিত অসীম পরিবহনের বাসে উঠেন স্বাধীন। তিনি একজন ব্যবসায়ী। যমুনা ফিউচার পার্কের সামনে নামার আগে ৩০ টাকা ভাড়া দেন। বাসের কন্ডাক্টর তাকে জানান, কাল থেকে ৩০ টাকা ভাড়া দিলে কিন্তু হবে না। গাড়িতে তেল নিতে সিরিয়ালে অনেক সময় নষ্ট হয়। তেলের দাম বাড়ছে এখন থেকে চার্টের ভাড়া দিতে হবে।

কন্ডাক্টরের এমন কথা শুনে বাস যাত্রী স্বাধীন বলে উঠেন, সরকার প্রতি কিলোমিটারে মাত্র ১১ পয়সা ভাড়া বাড়িয়েছে। এখন ভাড়ার চার্ট দেখান। চার্টে যে ভাড়া থাকবে তার বেশি দেব না। অছিম পরিবহনের চালক সাজ্জাদ হোসেন দিপু জানান, তেলের প্রতি লিটার ১১৫ টাকা নিয়ে কিনতে হয়। বাসের ভাড়া যাত্রীরা পুরোনো ভাড়াই দিচ্ছেন যাত্রীরা। নতুন ভাড়ার চার্ট পাইনি। এমনকি কোনও নির্দেশনাও পাইনি। নির্দেশনা হলে আমাদের উপকার হয়। আগে ১০০ টাকা লিটারে তেল (ডিজেল) নিতাম এখন ১১৫ টাকায় নিতে হয়। এদিকে যমুনা ফিউচার থেকে নতুন বাজার নামার আগে ১০ টাকা ভাড়া দিতে দেখা যায় আরেক যাত্রীকে। এসময় বাসের কন্ডাক্টর বলে ওঠেন তেলের দাম বেশি ভাড়া বাড়ায় দেন মামা। প্রজাপতি বাসের চালক মামুন জানান, নতুন ভাড়ার চার্ট পেলেই আমরা নিদিষ্ট চার্টের ভাড়া নেব। মিরপুর ১, গুলিস্তান ও উত্তরার বাসচালক ও শ্রমিকরা একই কথা বলেছেন।

বাসচালক ও শ্রমিকরা বলেন, তেলের দাম বাড়ায় আমাদের বাড়তি ভাড়া নিতে হবে। ভাড়ার চার্টে যে ভাড়া লেখা থাকবে সেটাই নেব। কোনও বাড়তি ভাড়া নেব না। গণপরিবহণ শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) থেকে নির্দিষ্ট দূরত্বে সর্বনিম্ন পাঁচ টাকা ভাড়া বাড়ানোর পরিকল্পনা করছে পরিবহনগুলো। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং আন্তঃজেলা রুটে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়। নতুন নির্ধারিত হার অনুযায়ী, মহানগরে প্রতি কিলোমিটার ভাড়া দুই টাকা ৪২ পয়সা থেকে বেড়ে দুই টাকা ৫৩ পয়সা হয়েছে। আন্তজেলা বাসে তা দুই টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে দুই টাকা ২৩ পয়সা।