Logo
×

জাতীয়

হলিডে মার্কেট-নৈশকালীন মার্কেট চালুর পরিকল্পনা করছে ডিএসসিসি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ২২:৩২

হলিডে মার্কেট-নৈশকালীন মার্কেট চালুর পরিকল্পনা করছে ডিএসসিসি

হলিডে মার্কেট ও নৈশকালীন মার্কেট চালুর পরিকল্পনা করা হচ্ছে, আমরা কাউকে উচ্ছেদ নয়, পুনর্বাসন করতে চাই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্তকরণ ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আব্দুস সালাম বলেন, রাস্তায় যত্রতত্র ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। তবে আমরা হকার ও রিকশাওয়ালাদের প্রতি অমানবিক হতে চাই না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা জনভোগান্তি দূর করার পাশাপাশি মানবিক আচরণ নিশ্চিত করতে কাজ করছি।

তিনি বলেন, ফুটপাতে অস্থায়ী ব্যবসা করতে হলে সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স নিতে হবে। বর্তমানে আমরা পুলিশের সহযোগিতায় এলাকাভিত্তিক হকারদের তালিকা তৈরি করছি। তালিকা সম্পন্ন হলে নির্দিষ্ট এলাকায়, নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট সংখ্যক হকারকে বসার অনুমতি দেওয়া হবে। হলিডে মার্কেট ও নৈশকালীন মার্কেট চালুর পরিকল্পনা করা হচ্ছে, আমরা কাউকে উচ্ছেদ নয়, পুনর্বাসন করতে চাই।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।